২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনার্জি বাল্বের কার্টনে ইয়াবা

চট্টগ্রামের কদমতলীর দুটি পরিবহন সংস্থায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 05:58 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বুধবার রাতে পরিবহন সংস্থা দুটির মাধ্যমে এনার্জি বাল্বের কার্টনে করে এসব ইয়াবা ট্যাবলেট ঢাকায় পাঠানোর সময় আটক করা হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন র‌্যাব-৭ এর কর্মকর্তা এএসপি চন্দন দেবনাথ।  

গ্রেপ্তার দুজন হলেন- আহাম্মদ নূর (৪৮) ও মোহাম্মদ রাসেল (২৯)।

র‌্যাব কর্মকর্তা চন্দন সাংবাদিকদের বলেন, কদমতলীর নিউ আল আমিন ট্রান্সপোর্টের মাধ্যমে ৭০ হাজার এবং নিউ শিমুল ট্রান্সপোর্টের মাধ্যমে ২০ হাজার ইয়াবা পিস পাচার করা হচ্ছিল।

“আল আমিন ট্রান্সপোর্ট এজেন্সিতে দুটি কার্টনের ৩৫টি প্যাকেটে এবং শিমুল ট্রান্সপোর্টের দুটি কার্টনের ১০টি প্যাকেটে এসব ইয়াবা পাওয়া যায়।”

এএসপি চন্দন বলেন, প্রেরক হিসেবে নগরীর আছদগঞ্জের জসিম ইলেকট্রিক হাউজ এবং প্রাপক হিসেবে ঢাকার এলিফ্যান্ট রোডের রমেশ সরকার ইলেকট্রনিক্সের নাম উল্লেখ থাকলেও সে নামে কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি।

“গ্রেপ্তার নূর সহযোগীদের মাধ্যমে দীর্ঘদিন ইয়াবা ব্যবসা করার কথা স্বীকার করেছেন। মাদক ব্যবসায় তার প্রধান সহযোগী পটিয়ার মোহাম্মদ সেলিম নামে এক ব্যক্তি।”

নূর জুলাই ও অগাস্টে ‘জসিম ইলেকট্রিক হাউজ’ এর নামে আট বার ঢাকায় ইয়াবার চালান পাঠানোর কথা স্বীকার করেছেন দাবি করে তিনি বলেন, আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর নামে এক ব্যক্তিই এসব ইয়াবা সরবরাহ করেন।