চট্টগ্রামে অ্যালুমিনিয়াম কারখানায় অগ্নিকাণ্ড
চট্টগ্রামের মুরাদপুরে একটি অ্যালুমিনিয়াম কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার গভীর রাতে বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় সাড়ে ৩টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ২টার দিকে অ্যালুমিনিয়াম গলির একটি ভবনের তৃতীয় তলায় হাজী সাহেদুলের মালিকানাধীন কারখানা ও গুদামে আগুন লাগে।
“ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের পাঁচটি গাড়ি নিয়ে দমকল কর্মীরা রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”
আগুনে কারখানার যন্ত্রপাতি ও গুদামের পণ্য পুড়ে আনুমানিক প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনা ঘটনা ঘটেনি বলে জানান বিশ্বান্তর।
