ফেনসিডিল রাখায় ১১ বছর আগের মামলায় যাবজ্জীবন
১১ বছর আগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে ১৩০ বোতল ফেনসিডিলিসহ গ্রেপ্তার একজনকে যাবজ্জীবান কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
দণ্ডিত জাহাঙ্গীর আলমের বাড়ি হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামের নূর আহমদ মাস্টার বাড়ি এলাকায়। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
“পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন।”
আইনজীবী লোকমান হোসেন চৌধুরী বলেন, গত জুন মাসে এ মামলায় যুক্তি তর্ক শুরুর আগে উচ্চ আদালত থেকে জামিন নেন আসামি জাহাঙ্গীর আলম। এরপর থেকেই তিনি পলাতক।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৫ সালের ৫ মার্চ জাহাঙ্গীরের বাড়ি ঘেরাও করে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় জাহাঙ্গীরের ঘর থেকে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেসময়ের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মামলাটি করেন। ২০০৬ সালের ২০ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করা হয়।
মামলায় আট জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ রায় দেয়।
