ইডিইউতে ইনডোর স্পোর্টস ও ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে তরুণদের সৃষ্টিশীল হওয়ার আহ্বান এসেছে চট্টগ্রামের একটি অনুষ্ঠান থেকে।
বৃহস্পতিবার চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) বার্ষিক ইনডোর স্পোর্টস ও ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে এ আহ্বান জানানো হয়।
ইডিইউ’র স্পোর্টস ক্লাব ও ফটোগ্রাফি সোসাইটি যৌথভাবে নগরীর প্রবর্তক মোড়ের ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, তরুণ-তরুণীদের সৃষ্টিশীলতার মাধ্যমে আন্তজার্তিক অঙ্গনে নিজেদের তুলে ধরতে হবে।
অভীষ্ট লক্ষ্য অর্জনেও সৃজনশীল হওয়ার কোনো বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, “নিজের সৃষ্টিশীলতার ডানায় ভর দিয়ে আকাশে উড়ে যেতে হবে। সফলতার পথে জয় করতে হবে সকল প্রতিবন্ধকতা।”
তরুণদের দিকে পুরো জাতি তাকিয়ে রয়েছে মন্তব্য করে ইডিইউ’র উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান সৃষ্টিশীলতার মধ্য দিয়ে সঠিকপথে তরুণরা নিজেদেরকে দেশ পরিচালনায় গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইডিইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক শামস উদ দোহা, সহযোগী ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রক্টর শাহ আহমেদ রিপন, সহকারী অধ্যাপক তাবাসসুম চৌধুরী, ক্লাব উপদেষ্টা মোরশেদুল আরেফিন ও রবিউল হোসাইন দোভাষ উপস্থিত ছিলেন।
এছাড়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
