২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ভার নিতে ‘প্রস্তুত’ চট্টগ্রাম বন্দর

ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার অর্থনৈতিক করিডোরের পরিকল্পনা বাস্তবায়নে ‘প্রস্তুত’ হচ্ছে চট্টগ্রাম বন্দর; এই পরিকল্পনার অংশ হিসেবে ফেনী-মিরসরাই এলাকায় আরেকটি টার্মিনালও নির্মাণ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 07:22 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

পুরনো খবর:

চট্টগ্রাম বন্দরে জুলাইয়ে বেড়েছে কন্টেইনার পরিবহন

চট্টগ্রাম বন্দরের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে গিয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা জানান চবক চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।

সরকারের নেওয়া ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার অর্থনৈতিক করিডরের পরিকল্পনা বাস্তবায়নে বন্দর সার্বিকভাবে প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি বলেন, “ফেনী ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলকে সহযোগিতা দিতে ওই এলাকায় একটি মধ্যম আকারের বন্দর বা টার্মিনাল করা যায় কি না, সরকার থেকে বলা হয়।”

ওই টার্মিনাল নির্মাণের প্রাক সম্ভাব্যতা সমীক্ষা চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে করা হয়েছে। কারিগরি অর্থনৈতিক সমীক্ষা শেষ হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান চবক চেয়ারম‌্যান।

মতবিনিময়ে বন্দর চেয়ারম্যান পতেঙ্গার অদূরে প্রস্তাবিত বে টার্মিনাল নির্মাণ, কর্ণফুলী কনটেইনার টার্মিনাল (কেসিটি), পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) নির্মাণ, বন্দরের জন্য যন্ত্রপাতি কেনাসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।

Image
চট্টগ্রাম বন্দর (ফাইল ছবি)

চট্টগ্রাম বন্দর (ফাইল ছবি)

এডমিরাল ইকবাল বন্দরের সক্ষমতা বাড়াতে বিভিন্ন তথ্য দেওয়ার পাশাপাশি ক্যাপিটাল ড্রেজিং, বন্দরের নিরাপত্তায় নেওয়া উদ্যোগ তুলে ধরেন।

তিনি বলেন, “এনসিটির জন্য গত ১০ বছরে গেন্ট্রি ক্রেইন কেনা সম্ভব হয়নি। দ্রুতই তা কেনার জন্য এ মাসে দরপত্র আহ্বান করা হবে। বন্দরের পুরাতন জেটিগুলো নবায়ন-মেরামতের পাশাপাশি পুরাতন ক্রেইনগুলো প্রতিস্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।”

পতেঙ্গার অদূরে প্রস্তাবিত বে টার্মিনাল নির্মাণের প্রথম ধাপের কাজ নির্ধারিত সময়ের দুই বছর আগে শেষ করা যাবে বলে আশাবাদী চবক চেয়ারম‌্যান।

“এ মাসের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলে ৯০৭ একর ভূমি অধিগ্রহণের কাজ চূড়ান্ত করা হবে। সম্ভাব্যতা সমীক্ষা কাজের জন্য কানাডিয়ান পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুতই চুক্তি হবে।”

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে উদ্যোগ নেওয়ার বিষয়টি তুলে ধরতে গিয়ে আটশর মতো অত‌্যাধুনিক সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা জানান তিনি।

বর্তমানে ১২৯টি সিসি ক্যামেরা রয়েছে বাংলাদেশের প্রধান এই সমুদ্র বন্দরে।

Image
এডমিরাল খালেদ ইকবাল

এডমিরাল খালেদ ইকবাল

এছাড়া বন্ধ হয়ে যাওয়া ক্যাপিটাল ডেজিংয়ের জটিলতার অবসান ঘটিয়ে কিছুদিনের মধ্যে তা শুরুর আশা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ার কথা তুলে ধরে চবক চেয়ারম্যান বলেন, নতুন ইয়ার্ড নির্মাণ, পুরনো ইয়ার্ডগুলোকে সম্প্রসারণ করে সক্ষমতা বাড়ানো হয়েছে।

তিনি জানান, ২০১৫-২০১৬ অর্থ বছরে এই বন্দরে ৭ কোটি ১১ লাখ ৫৬ হাজার ৩৮৭ মেট্রিক টন পণ্য এবং ২১ লাখ ৮৯ হাজার ৪৩৯টি কনটেইনার ওঠানামা হয়েছে। আগের বছর পরিমাণ ছিল ৬ কোটি ১৭ লাখ ২৫ হাজার ৮৬৫ মেট্রিক টন পণ্য এবং ১৮ লাখ ৬৭ হাজার ৬২টি কনটেইনার। 

ঈদ ছুটিসহ ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে বন্দরে কিছুটা জটের সৃষ্টি হলেও তা সহনীয় পর্যায়ে এসেছে জানিয়ে এডমিরাল খালেদ বলেন, বর্তমানে বন্দরের বহির্নোঙ্গরে অপেক্ষমান জাহাজের অবস্থাও স্বাভাবিক।

অনুষ্ঠানে বন্দরের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন বন্দরের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম।