চট্টগ্রাম বন্দরে জুলাইয়ে বেড়েছে কন্টেইনার পরিবহন
চট্টগ্রাম বন্দরে চলতি অর্থ বছরের প্রথম মাসে আমদানি-রপ্তানি পণ্যবাহী এক লাখ ৮৭ হাজার কনটেইনার পরিবহন হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম।
তিনি বলেন, বন্দর দিয়ে ২০১৬-২০১৭ অর্থবছরের জুলাই মাসে কনটেইনার ওঠা-নামা হয়েছে এক লাখ ৮৭ হাজার ৫৫১টি। গত বছরের জুলাইয়ে এ সংখ্যা ছিল এক লাখ ৫৪ হাজার ৫৮৮টি কনটেইনার।
জাফর আলম বলেন, জুলাইয়ে ঈদ, শবেকদর মিলিয়ে সরকারি ছুটি ছিল নয়দিন। এর মধ্যে দুইদিন বন্দরে কনটেইনার হ্যান্ডলিং পুরোপুরি বন্ধ ছিল। এছাড়া অন্যদিনগুলোতে কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ স্বাভাবিকের তুলনায় ছিল কম।
এরপরও জুলাই মাসে কনটেইনার পরিবহন অনেক বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
২০১৫-২০১৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি মিলিয়ে প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের ২১ লাখ ৮৯ হাজার ৪৩৯টি কনটেইনার ওঠা-নামা হয়েছে বলেও জানান বন্দর কর্তৃপক্ষের এই সদস্য।
এর আগে অর্থ বছরের চেয়ে তিন লাখ ২২ হাজার ৪৩১টি বেশি কনটেইনার পরিবহন হয়েছে উল্লেখ করে জাফর আলম বলেন, এ ক্ষেত্রে প্রবৃদ্ধি বেড়েছে ১৭ দশমিক ২৭ শতাংশ।
