সিসিসি’র মাতৃসদনে গর্ভস্থ শিশুর মৃত্যুতে চিকিৎসক বরখাস্ত
গর্ভজাত শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগের মুখে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) এক চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযোগের মুখে থাকা ওই চিকিৎসক হচ্ছেন সিসিসি’র আওতাধীন নগরীর সদরঘাটের মেমন মাতৃসদন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ইশরাত জাহান বেগম।
মঙ্গলবার সিসিসি’র আওতাধীন মেমন মাতৃসদন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ইশরাতের কাছে সাময়িক বরখাস্তের চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিসিসি’র সচিব মোহাম্মদ আবুল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গর্ভজাত শিশুর মৃত্যুর ঘটনায় প্রাথমিক অনুসন্ধানে অবহেলার প্রমাণ পাওয়ায় ডা. ইশরাত জাহান বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের চিঠিটি তার কাছে পাঠানো হয়েছে।
গত ৬ অগাস্ট সকালে নিশাত জেরিন নামে এক রোগী নগরীর সদরঘাটের মেমন হাসপাতালে ভর্তি হন। ৭ অগাস্ট বিকালে ডা. ইশরাত জাহানের দায়িত্বে সিজারিয়ান অপারেশন করার কথা থাকলেও তিনি হাসপাতালে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ পরিবারের।
ওই দিন রাত ১১ টার দিকে গর্ভস্থ সন্তান মৃত বলে চিকিৎসকরা রোগীর পরিবারকে জানায়।
সোমবার অস্ত্রোপচারের পর মৃত সন্তানটি প্রসব হয়।
ওই ঘটনায় রোববার রাতে মৌখিকভাবে ও সোমবার সকালে লিখিত আকারে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সিটি মেয়রের কাছে অভিযোগ দেয় নিশাতের পরিবার।
