২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসির বর্জ্য সংগ্রহ কর্মসূচিতে অনিশ্চয়তা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) বর্জ্য সংগ্রহ কর্মসূচিতে লোকবল নিয়োগের উপর নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 12:44 AM

Updated : 12 Apr 2022, 02:37 AM

এতে সিসিসি’র ‘ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ’ কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হল।  

নির্দিষ্ট সময়ে (সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা) ময়লা-আবর্জনা অপসারণ কর্মসূচির ব্যর্থ হওয়ার পর অগাস্ট থেকে ‘ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ’ কর্মসূচি হাতে নেয় সিসিসি।

প্রাথমিকভাবে নগরীর সাতটি ওয়ার্ডে এ কর্মসূচির আওতায় ঝুড়ি বিতরণও শুরু করেছে সিসিসি। নগরীর ৪১ ওয়ার্ডে পর্যায়ক্রমে এক লাখ ৯৫ হাজার ঝুড়ি বিতরণ করার কথা।

ময়লা সংগ্রহে গতি আনতে ২১ জুলাই জাতীয় ও স্থানীয় পত্রিকায় অস্থায়ী ভিত্তিতে দুই হাজার পরিচ্ছন্নতাকর্মী চেয়ে বিজ্ঞপ্তি দেয় সিসিসি।

সে নিয়োগে নিষেধাজ্ঞা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ৩১ জুলাই সিসিসিকে চিঠি দিয়েছে।

মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কাজী শফিউল আলমকে কারণ দর্শাতে বলা হয়েছে আলাদা একটি চিঠিতে।

সিসিসির সচিব মোহাম্মদ আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপত্তির প্রেক্ষিতে নিয়োগ স্থগিত করেছি আমরা। জনবলের চাহিদা আমরা লিখে পাঠিয়েছি মন্ত্রণালয়ে। অনুমোদন পেলে পুনরায় নিয়োগের কাজ শুরু করব আমরা।”

এরআগে গত বছরের জুলাইয়ে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ২ সেপ্টেম্বর থেকে নগরীতে রাতের বেলা বর্জ্য অপসারণের উদ‌্যোগ নিয়ে কাজ শুরু করেন আ জ ম নাছির উদ্দিন।

শুরুর দিকে কয়েক মাস এ ব্যবস্থা কার্যকর হলেও পরে তা কার্যকারিতা হারায়। ফলে দিনের বিভিন্ন সময় নগরীর বেশকিছু ডাস্টবিনে উপচে পড়া আর্বজনা নগরবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।