ইডিইউতে তরুণ উদ্যোক্তা বিষয়ে সেমিনার
ব্যাংকঋণের সহজলভ্যতার মাধ্যমে তরুণ উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্র তৈরির ওপর জোর দেওয়া হয়েছে চট্টগ্রামের এক সেমিনারে।
শুক্রবার ইস্টডেল্টা ইউনিভার্সিটি’র (ইডিইউ) উদ্যোগে নগরীর প্রবর্তক মোড় একাডেমিক ভবনে আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস: করপোরেট লোন অ্যাসেসমেন্ট’ শীর্ষক এই সেমিনার হয়।
সেমিনারে ব্যাংক ঋণের মাধ্যমে তরুণ উদ্যোক্তা সৃষ্টির ওপর ধারণা দেন ব্র্যাক ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার মোহাম্মদ মাঈন উদ্দীন।
তিনি বলেন, ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা থাকলেও ভালো উদ্যোক্তা পাওয়া যাচ্ছে না। একারণে ব্যাংকের অলস টাকা ঠিকভাবে ব্যবহার হচ্ছে না।
মাঈন উদ্দীন বলেন, চট্টগ্রামে গত ১০ বছরে ভালো তরুণ উদ্যোক্তা তৈরি হয়নি। এই ক্ষেত্রে যারা ব্যাংক ঋণ দিচ্ছেন তাদের উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে হবে। কোম্পানির ব্যালেন্স শিট, নথিপত্র, প্রাতিষ্ঠানিক তথ্য, সম্ভাবনার বিষয়টি যাচাই করে অর্থ দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে সংশ্লিষ্টদের।
সেমিনারে ঋণ নেওয়ার ক্ষেত্রে সমস্যা, সীমাবদ্ধতা, সংকট ও সমাধানের কথা তুলে ধরেন ইডিইউ’র স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শাখার সহকারী অধ্যাপক তাবাস্সুম চৌধুরী ও প্রভাষক ফাহমিদা আকতার।
সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শিক্ষার্থীরা ব্যাংক ঋণ ব্যবহার সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এসব প্রশ্নের উত্তর দেন।
