২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বর্ষা শেষেই’ ফের ড্রেজিং কর্ণফুলীতে

কর্ণফুলীতে ক্যাপিটাল ড্রেজিং বন্ধের প্রায় তিন বছর পর আবারও নদীটিতে সে খনন কাজ শুরুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 03:15 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

গত ৩ অগাস্ট বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সমন্বয় সভায় ‘আইনি জটিলতা পেরিয়ে’ ফের ড্রেজিং শুরু করা সম্ভব বলে জানিয়েছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল খালেদ ইকবাল।

শনিবার দুপুরে চট্টগ্রামের খাতুনগঞ্জে জলাবদ্ধতা নিরসন দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধনে গিয়ে দুই মাসের মধ্যেই ড্রেজিং শুরু হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনও।

অনুষ্ঠানে মেয়র বলেন, “এতদিন মামলার কারণে ড্রেজিং ঝুলে ছিল। বলতে বলতে তারা (বন্দর) আদালতের নির্দেশনা নিয়েছে। আদালত বলেছে, মামলার রায় যাই হোক- ড্রেজিং করতে পারবে।

“কর্ণফুলীতে আবার ড্রেজিং শুরু হতে সর্বসাকুল্যে দুই মাস সময় লাগতে পারে।”

এ ব্যাপারে দুপুরেই বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশা করি, মাসখানেক পরেই আবার ড্রেজিং শুরু করতে পারব।”

২০১১ সালের ৫ জুলাই কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং শুরু হয়।

‘ক্যাপিটাল ড্রেজিং এবং ব্যাংক প্রটেকশন’ নামের ওই প্রকল্পের আওতায় বন্দরের দুই কিলোমিটার উজানে সদরঘাট জেটির ১০০ মিটার ভাটি থেকে তৃতীয় কর্ণফুলী সেতুর ৫০০ মিটার উজান পর্যন্ত অংশে নদীর নাব্যতা ফেরাতে ৩৬ লাখ ঘনমিটার বালি/মাটি ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণের কথা ছিল।

মালয়েশিয়ার মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন ২২৯ কোটি ৫৪ লাখ ৩৯ হাজার ৬৬ টাকা সর্বনিম্ন দর দিয়ে দরপত্রের মাধ্যমে কাজ করার জন্য নির্বাচিত হয়।

ড্রেজিং ছাড়াও প্রকল্পের আওতায় ২ হাজার ৬১৫ মিটার দৈর্ঘ্যের তীর নির্মাণ, মেরিন ড্রাইভ তৈরি এবং সদরঘাট এলাকায় ৪০০ মিটার লাইটারেজ জেটি নির্মাণের কথা ছিল।

ড্রেজিং শেষ হলে সংশ্লিষ্ট নদী এলাকার গভীরতা চার মিটার এবং নদীর সঙ্গে যুক্ত মূল দুই খাল রাজখালী ও চাক্তাইয়ের সম্মুখভাগের গভীরতা আরও বাড়ার কথা ছিল।

চুক্তি অনুসারে শুরুর ৬০০ দিনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার শর্ত ছিল। সে হিসাবে ২০১৩ সালের জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা ছিল।

২০১৩ সালের অগাস্টে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় চুক্তি বাতিল করে বন্দর কর্তৃপক্ষ।

এরপর ঠিকাদারী প্রতিষ্ঠান চুক্তি বাতিলের বিষয় নিয়ে আদালতে মামলা করে। মামলার পর আর কর্ণফুলীতে ড্রেজিং এর উদ্যোগ নিতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্মকর্তা জাফর আলম বলেন, “আদালত ড্রেজিংয়ের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। মাস দুয়েক আগে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন কাজ শুরু করতে আর কোনো বাধা নেই।

“বুয়েটের একটি বিশেষজ্ঞ দল পরিকল্পনা প্রণয়নের কাজ করছে। বর্ষা শেষ হলে মাসখানেক পরই কাজ শুরু করতে পারব।”

আগের প্রকল্পের অধীনে তীর, মেরিন ড্রাইভ ও জেটি নির্মাণের প্রায় ৯৭ শতাংশ কাজ মালয়েশিয়ার ওই ঠিকাদারী প্রতিষ্ঠান শেষ করে বলেও জানান তিনি।

জাফর আলম বলেন, ৩৬ লাখ ঘনমিটার মাটি উত্তোলনের কথা ছিল। এর মাত্র ৩০ শতাংশ তারা করেছিল।

কাজ বন্ধের আগে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ১৫ লাখ ঘনমিটার মাটি উত্তোলনের বিল পরিশোধ করেছিল বন্দর।

মালয়েশিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠানটির সঙ্গে প্রকল্পের দেনা-পাওনা নিয়ে একটি নালিশী মামলা আছে জানিয়ে বন্দর কর্মকর্তা জাফর বলেন, “কাজের তুলনায় বেশি টাকা আমরা পরিশোধ করিনি।

“তাদের কিছু দাবি আছে। আশা করি, সেটা দুইপক্ষ বসে আলোচনা করে মিটিয়ে ফেলতে পারব।”

২০১৪ সালের ডিসেম্বরে বন্দরের এক জরিপে ড্রেজিংয়ের জন্য নির্ধারিত স্থানে ৩৩ দশমিক ৮৮ লাখ ঘনমিটার মাটি জমার প্রমাণ পাওয়া যায় দাবি করে তিনি বলেন, এখন হয়ত সে পরিমাণ আরও অনেক বেড়ে গেছে। আগের প্রকল্পের একটা মূল সমস্যা ছিল নদীর সঙ্গে যুক্ত খালের মোহনায় মিউনিসিপ্যাল বর্জ্য জমে থাকার বিষয়টি বিবেচনায় না নেওয়া।

“এর ফলে যেখানে পলিথিন জমে ছিল সেখানে কাজ করতে গিয়ে ড্রেজার আটকে যাচ্ছিল। এবার এসব বিবেচনায় নিয়েই প্রকল্প প্রণয়ন করতে হবে।”

২০১৩ সালের ২৪ মার্চ কর্ণফুলীর খনন কাজ পরিদর্শনে গিয়ে ড্রেজিং এর নামে নদী ‘ভরাটের’ অভিযোগ তুলেছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

সে সময় তিনি অভিযোগ করেন, ক্যাপিটাল ড্রেজিংয়ের নকশায় মূল তীর সীমানা বিএস এবং আরএস দাগ অনুযায়ী যা ছিল তার চেয়ে ২০০ থেকে ২৫০ মিটার সরিয়ে নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জাফর আলম বলেন, আরএস জরিপ অনুসরণ করতে গেলে দেখা যাচ্ছে নদীর মাঝখানে ব্যক্তি মালিকানাধীন জমি আছে। আবার বিএস অনুসরণ করলে ব্যক্তি মালিকানাধীন জমি খনন করে নদীতে নিয়ে যেতে হবে।

“দুটোর কোনোটাই বাস্তবসম্মত নয়। বিদ্যমান নদীর স্রোতধারা বিবেচনায় নিয়েই সীমানা নির্ধারণ এবং ড্রেজিং পরিচালনা করা হবে। এটা আইনেও আছে।”