‘জেএমবি, এবিটি, হিযবুতের মূল জামায়াত’
সাম্প্রতিক সময়ে দেশে ‘জঙ্গি হামলায় সম্পৃক্ত’ নিষিদ্ধ সংগঠন জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম ও হিযুবত তাহরীরের নেপথ্যে জামায়াত-শিবির রয়েছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির নেতা আবু হানিফ।
শুক্রবার বিকালে চট্টগ্রামে জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী এক সমাবেশে দলটির কেন্দ্রীয় কমিটির এই সদস্য বলেন, “জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি), হিযবুত… নানা সময় নানা নাম ধরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে। তাদের মূল একটাই, জামায়াত।
“জামায়াত-শিবিরের ছত্রছায়ায় জেএমবি, এবিটি, হিযবুতের মত সংগঠন গড়ে উঠেছে। জামায়াতের পুরনো সদস্যরাই জেএমবি সদস্য। গ্রেপ্তার হলে তারা জানায় তারা আগে শিবির করত।”
ওয়ার্কার্স পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শেষে সেখান থেকে জঙ্গিবাদবিরোধী র্যালিও করা হয়।
সমাবেশে ঢাকার কল্যাণপুরের জঙ্গিদমন অভিযান নিয়ে বিএনপির প্রশ্ন তোলার জবাবে আবু হানিফ বলেন, “বিএনপি বলছে, গুলি জঙ্গিদের পেছনে কেন লেগেছে। আমরা বলতে চাই, জঙ্গি যেই হোক তাকে খতম করতে হবে।
“গুলি পেছনে লাগল না সামনে লাগল সেটা বিষয় নয়। একাত্তরে যেভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতির কবর দিয়েছি, এবারও তেমনি ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক রাজনীতির কবর দেব।”
ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির এই সভাপতি আরও বলেন, ১৪ দলের নির্বাচনী অঙ্গীকার ছিল ক্ষমতায় এলে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। অনেকের বিচার হয়েছে। কারও কারও ফাঁসি হয়েছে।
“আরও একজন বাকি। তাকে বলা হয় টাকার কুমির। একাত্তর সালে যখন সে চট্টগ্রামে ছিল তখন ইসলামী ছাত্র সংস্থার নেতা ছিল। তার বিচার শেষ। যখন তার রিভিউ চলছে তখনই সাম্রাজ্যবাদের সহযোগিতায় দেশে জঙ্গি হামলা চালানো হচ্ছে।”
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে সমাবেশে দেশটির সমালোচনা করেন ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম।
“এ যেন- ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’। তারা বার বার বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় চালিত করতে চেয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা মার্কিন সাম্রাজ্যবাদকে পরাজিত করেছিলাম।”
জঙ্গিবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার ওপর দাঁড়িয়ে সর্বস্তরের জনগণের ঐক্য ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সেলিম।
ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শরীফ চৌহানের সঞ্চালনায় সমাবেশে দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ইন্দ্র কুমার নাথ ও মোক্তার আহমেদ, শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, যুব মৈত্রী জেলা কমিটির সাধারণ সম্পাদক কায়সার আলম, হাফেজ জুট মিল ওয়ার্কার্স ইউনিয়ন সিবিএ সভাপতি নূর মোহাম্মদ মিল, আমিন পাটকল ওয়ার্কার্স ইউনিয়ন নেতা শামসুল আলম বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি করা র্যালি চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর রাইফেলস ক্লাব, নিউ মার্কেট, আলকরণ হয়ে পুরাতন রেল স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
