২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাদক বিক্রেতার’ বাড়িতে মিলল অস্ত্রও

চট্টগ্রামের ফটিকছড়িতে এক ‘মাদক বিক্রেতার’ বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তারের খবর জানিয়ে পুলিশ বলেছে, সেখান থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 07:12 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

জেলা পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীররাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ফরহাদাবাদের ‘মাদক সম্রাট শফিউল আজম’ ওরফে ‘মাদক সম্রাট আজমের’ বাড়িতে অভিযান চালায় বলে পুলিশ সুপার নুরে আলম মিনা জানান।

গ্রেপ্তাররা হলেন- আজমের স্ত্রী সাজু আকতার (৩৮) এবং তার দুই সহযোগী মান্নান মিয়া (৩৩) ও  রাশেদ (১৫)।

শুক্রবার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে নুরে আলম মিনা বলেন, মাদকের তথ্য পেয়ে পুলিশের একটি দল গভীররাতে আজমের দোতলা বাড়িতে অভিযান চালায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনের পুকুরে ঝাপ দিয়ে আজম পালিয়ে যায়। পুলিশ তার সহযোগী সন্দেহে মান্নান, রাশেদ ও আজমের স্ত্রী সাজুকেও গ্রেপ্তার করে।”

রাশেদ মাদক বহনের কাজ করতেন বলে দাবি করেন চট্টগ্রাম জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযানে নয় কেজি গাঁজা, ৪০০টি ইয়াবা, তিন বোতল ফেন্সিডিল, একটি একনলা দেশীয় বন্দুক, একটি কাটা রাইফেল, একটি এয়ারগান, দুটি এলজি উদ্ধার করা হয়।

এছাড়া মাদক বিক্রির ৪৭ হাজার টাকা, চারটি মোবাইল সেট, তিনটি ছোরা, একটি চাপাতি ও রিভলবার সদৃশ দুটি লাইটার উদ্ধার করা হয়।

আজমের বিরুদ্ধে ডাকাতি মামলা আছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, তাকে ধরার চেষ্টা চলছে।