২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় আশরাফ খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 11:13 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরীর জিইসি মোড় এলাকা থেকে মো. রনিকে (২৬) গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা চন্দন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়। সে আশরাফ খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি।”

রনি ঝাউতলা সরদার বাহাদুর নগর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

গত ১০ জুন রাতে নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার একটি চা দোকান থেকে আশরাফকে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। পরদিন সকালে নগরীর আমবাগান কেন্টিন গেট এলাকায় পাহাড়ের ঢাল সংলগ্ন কালভার্টের নিচে আধ পোড়া অবস্থায় তার লাশ পাওয়া যায়।

এর আগে ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি আমবাগান এলাকায় সেলিম নামের এক যুবক খুন হন। চলতি বছরের জুনে খুনে হওয়া আশরাফ ছিলেন ওই হত্যা মামলার প্রধান আসামি।

বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হওয়া রনি ২০১৪ সালে খুন হওয়া সেলিমের ভাই।

সেলিম খুনের জেরেই আশরাফকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ খুলশী থানার পুলিশ কর্মকর্তাদের।

আশরাফের পরিবারের করা মামলায় সেলিমের ভাই রনি ও জনিকে আসামি করা হয়।

পুরনো খবর:

চট্টগ্রামে উদ্ধার আধপোড়া লাশটি হত্যার আসামির
চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা