চট্টগ্রামে উদ্ধার আধপোড়া লাশটি হত্যার আসামির
চট্টগ্রাম নগরীর খুলশীতে কালভার্টের নিচ থেকে উদ্ধার আধপোড়া লাশটি একটি হত্যা মামলার আসামির বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার এসআই শাহজাহান জানান, লাশটি কর্ণফুলী থানা এলাকার আশরাফের বলে স্বজনরা চিহ্নিত করেছেন। ২৮ বছর বয়সী এই যুবক আমবাগানের মোহাম্মদ সেলিম হত্যা মামলার প্রধান আসামি।
শুক্রবার গভীর রাতে নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার একটি চা দোকান থেকে তাকে তুলে নেওয়া হয় বলে স্বজনরা জানিয়েছেন।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশরাফ নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকায় এসটি ট্রেডিং নামের একটি পরিবহন কোম্পানিতে চাকরি করতেন।
বছর দুয়েক আগে খুলশী থানার সরদার বাহাদুর নগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি আমবাগান এলাকায় সেলিম খুনের পর আশরাফের পরিবার সরদার বাহাদুর নগর এলাকা থেকে চলে যায়। বর্তমানে তারা কর্ণফুলী থানা এলাকায় থাকে।
শনিবার সকালে নগরীর আমবাগান কেন্টিন গেট এলাকায় পাহাড়ের ঢাল সংলগ্ন কালর্ভাটের নিচে তার লাশ পাওয়া যায় বলে ওসি নিজাম জানান।
এসটি ট্রেডিংয়ের মালিক হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশরাফ শুক্রবার রাত ১টার দিকে প্রতিষ্ঠানের অদূরে একটি দোকানে বসে চা খাচ্ছিল।
“এসময় ৮-১০ জনের একটি দল ওই জায়গায় আসে। তারা ‘চোর’ বলে আশরাফকে তুলে নিয়ে যায়।”
আশরাফ বছর খানেক ধরে তার প্রতিষ্ঠানে চাকরি করতেন জানিয়ে হারুনুর রশিদ বলেন, “তার সাথে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি।”
নাম প্রকাশ না করার শর্তে আশরাফের এক বন্ধু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চোর, চোর বলে চিৎকার করতে করতে কয়েকজন মিলে আশরাফকে ধরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর আমরা সেখানে যাই।
“এরপর বন্দর, কাস্টমস, টোল রোড, পতেঙ্গাসহ বিভিন্ন জায়গায় রাতে আশরাফকে খুঁজেও পাইনি।”
আশরাফকে রাতে তুলে নেওয়ার বিষয়টি শুনেছেন বলে জানান এসআই শাহজাহান।
তার শরীরের উপরের কিছু অংশ আগুনে পোড়া জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “খুনের পর লাশ আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়েছে। তবে এখানেই খুন করা হয়েছে, না অন্য কোথাও খুন করে এখানে লাশ ফেলা হয়েছে তা বলা যাচ্ছে না।”
নিহতের চোখ এবং বাম পাঁজরের নিচে আঘাতের চিহ্ন আছে।
এ ঘটনায় রাত সোয়া ৮টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
