বন্ড সুবিধায় আনা পণ্য খোলাবাজারে বিক্রি করায় মামলা
রপ্তানি পণ্য তৈরির জন্য বন্ড সুবিধায় আনা পণ্য খোলা বাজারে বিক্রির মাধ্যমে ১৭ কোটি টাকার অনিয়মের অভিযোগে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে শুল্ক বিভাগ।
বৃহস্পতিবার চট্টগ্রামের বন্ড কমিশনারের কাছে ‘লিবার্টি এক্সেসরিজ’ নামের ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক এস এম শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বহদ্দারহাটে প্রতিষ্ঠানটি পরিদির্শন করে দেড় হাজার মেট্রিক টন প্লাস্টিক দানার ঘাটতি পাওয়া গেছে।
“এসব প্লাস্টিক দানা ঢাকা ও চট্টগ্রামের খোলা বাজারে বিক্রি করা হয়েছে। শুল্কসহ এসব পণ্যের মোট মূল্য প্রায় ১৭ কোটি টাকা।”
বন্ড লাইসেন্সের শর্ত অনুসারে শুল্কমুক্ত সুবিধার আওতায় বন্ডেড কাঁচামাল আমদানি করা যায়।
লিবার্টি এক্সেসরিজ নামের এ প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সেসরিজ তৈরি করে রপ্তানির জন্য এসব প্লাস্টিক দানা আমদানি করেছিল।
বন্ডেড সুবিধার আওতায় আমদানি করা কাঁচামাল যথাযথ সংরক্ষণ ও হিসাব রাখা বাধ্যতামূলক।
শুল্ক কর্মকর্তা শামীমুর রহমান বলেন, “এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ড সুবিধার অপব্যবহার করছে এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।”
এর আগেও রাজস্ব ফাঁকির অভিযোগে একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছিল বলে জানান তিনি।
প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং পরিচালক পারভিন আহমেদ বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান।
