২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়শ ইয়াবার সাজা ৫ বছর জেল

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকা থেকে সাত বছর আগে ছয়শ ইয়াবাসহ গ্রেপ্তার এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 07:12 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূর বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

আসামি সুমন সাহা (৩৫) নগরীর জামালখান এলাকার বাসিন্দা ছিলেন।  

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সাজা দিয়েছেন বিচারক।  

আসামি সুমন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১৫ জুলাই বন্দরনগরীর ২৬ নম্বর জামালখান এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ৬০৩টি  ইয়াবাসহ সুমনকে আটক করে পুলিশ।

ওই ঘটনায় কোতোয়ালি থানার তখনকার এসআই আবদুল হাকিম খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ২০০৯ সালের ১৩ অগাস্ট এ মামলায় অভিযোগপত্র দেয়। ২০১০ সালের ১৫ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে সুমনের বিচার শুরু হয়।

মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে চারজনের সাক্ষ্য শুনে বিচারক বৃহস্পতিবার আসামির সাজার আদেশ দিল।