গাড়ি মিলেছে, সন্ধান মেলেনি নর্থসাউথের ছাত্রের
চট্টগ্রামে নিখোঁজ ঢাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রের খোঁজ পাওয়া না গেলেও তার গাড়িটি পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যায় নগরীর খুলশী থানার জাকির হোসেন রোডের ডায়বেটিস হাসপাতাল প্রাঙ্গণে গাড়িটি পাওয়া যায় বলে জানিয়েছেন তার ভগ্নিপতি এসএম আবুল মনজুর।
তবে জুনায়েদ হোসেন আকিব ও তার গাড়িচালক মোস্তফার সন্ধান মেলেনি বলে জানান তিনি।
মনজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা গাড়িটি পাওয়ার কথা পুলিশকে জানিয়েছি।”
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, “গাড়িটি আমরা আমাদের হেফাজতে নিয়ে যাচ্ছি। প্রক্রিয়া শেষ করে তা ফেরত দেওয়া হবে।”
জুনায়েদ ও মোস্তফার সন্ধানে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
সম্প্রতি বিবিএ শেষ করা আকিব সাবেক সংসদ সদস্য এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়ার বড় ভাইয়ের ছেলে।
চট্টগ্রাম নগরীর কুসুমবাগ আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে থাকেন জুনায়েদ। তার নিখোঁজ হওয়ার কথা জানিয়ে সোমবার রাতে খুলশী থানায় জিডি করা হয়।
ভগ্নিপতি মনজুরের করা জিডিতে বলা হয়, সোমবার দুপুরে জুনায়েদ আগ্রাবাদ পাসপোর্ট অফিস থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। এক বন্ধুকে ওয়াসার মোড়ে গাড়ি থেকে নামিয়ে বাসায় ফিরছিলেন তিনি।
