লবণাক্ততা প্রতিরোধী সিমেন্ট ‘ডায়মন্ড কোস্টাল প্লাস’
উপকূলীয় অঞ্চলে স্থাপনা নির্মাণে লবণাক্ততা প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন বিশেষায়িত সিমেন্ট ‘ডায়মন্ড কোস্টাল প্লাস’ বাজারে আনছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।
বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সেপ্টেম্বরের শেষদিকে এ সিমেন্ট বাজারজাত করা হবে জানিয়ে সম্মেলনে ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পোর্টল্যান্ড স্লেজ সিমেন্ট (পিএসসি) উৎপাদিত হয়।
“বাংলাদেশে এই প্রথমবারের মত উপকূলীয় এলাকার স্থাপনায় লবণাক্ততা রোধে এ সিমেন্ট বাজারে আনছি আমরা।”
ডায়মন্ড সিমেন্টের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, যেসব এলাকায় লবণাক্ততা বেশি সেখানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট (ওপিসি) ব্যবহার করলে দীর্ঘ মেয়াদে স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে।
“এজন্য আমরা পিএসসি প্রজাতির ডায়মন্ড কোস্টাল প্লাস সিমেন্ট বাজারে আনছি। এতে ক্লিংকার থাকবে ৬৫ থেকে ৭৯ শতাংশ। জাপান থেকে ব্লাস্ট ফিউরেন্স স্লেজ থাকছে ২১ থেকে ৩৫ শতাংশ।”
জসিম উদ্দিন খন্দকার বলেন, বিশ্বে ব্যবহৃত মোট সিমেন্টের ২০ শতাংশ এখন পিএসসি। ভবিষ্যতে তা আরও বাড়বে। লবণাক্ততার প্রভাব সেসব এলাকায় আছে সেখানে ‘সালফেট ইফেক্ট’ রক্ষায় রাসায়নিক ব্যবহারে নির্মাণ খরচ বাড়ে।
“পিএসসি ব্যবহারে সালফেট ও ক্লোরাইড প্রভাব থেকে স্থাপনা রক্ষা পাবে। ভবন ও স্থাপনার স্থায়িত্ব ২০ শতাংশ পর্যন্ত বাড়বে।”
নতুন এই সিমেন্ট পরিবেশবান্ধব বলেও দাবি করেন জসিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, লেমিনেটেড পলিপ্রোপাইলিন ব্যাগে ডায়মন্ড কোস্টাল প্লাস সিমেন্ট বাজারজাত করা হবে। প্রতি ব্যাগে থাকবে ৫০ কেজি সিমেন্ট।
প্রতি ব্যাগ সিমেন্টের দাম ৪১০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
প্রাথমিকভাবে কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় এ সিমেন্ট বাজারজাত করা হবে। পর্যায়ক্রমে দেশের সব উপকূলীয় এলাকায় এ সিমেন্ট বিক্রি করা হবে।
সম্মেলনে পিএসসি সিমেন্টের উপকারিতা ব্যাখ্যা করে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম সাদী।
উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করিম, ডায়মন্ড সিমেন্টের জিএম (অ্যাকাউন্টস) এ বি এম কামালউদ্দিন, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) আবদুর রহিমসহ অন্যরা।
