চট্টগ্রামে সিআইইউ ‘ওপেন ডে’ অনুষ্ঠিত
চট্টগ্রামের বেসরকারি চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ‘ওপেন ডে’ জামালখানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।
অনুষ্ঠানের বক্তব্যে সিআইইউ’র উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী বলেন, উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে সিআইইউ জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত।
“গরিবদের সহায়তার জন্য এখানে শিক্ষাবৃত্তির ব্যবস্থা আছে। চট্টগ্রামে আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ সৃষ্ঠি করেছে এ প্রতিষ্ঠান।”
সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত সিআইইউতে প্রতি নতুন সেমিস্টারের শুরুতে আনুষ্ঠানিকভাবে ‘ওপেন ডে’ উদযাপন করা হয়।
দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, চট্টগ্রামে শিক্ষার অগ্রগতিতে সিআইইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
সাম্প্রতিক জঙ্গিবাদ প্রসঙ্গে ওয়াহিদ মালেক বলেন, বিশ্বে জঙ্গিবাদ একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে। বিশ্বে অল্প কিছু মানুষ এর সাথে জড়িত। এই সমস্যা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান রশিদ এ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসা অনুষদের ডিন ড. নুরুল আবসার নাহিদ।
উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের উপদেষ্টা অধ্যাপক এম আইয়ূব ইসলাম, লিবারেল আর্টস অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
