বিভাগ স্থানান্তর নিয়ে ইউএসটিসি শিক্ষার্থীদের বিক্ষোভ
নতুন ভবনে বিভাগ স্থানান্তরের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে চট্টগ্রামের ফয়’স লেক এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাইয়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ফার্মেসি অনুষদের শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১২টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি’র মূল ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের বারান্দায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানটির ফার্মেসি অনুষদকে মূল ক্যাম্পাস সংলগ্ন আরেকটি একাডেমিক ভবনে সরিয়ে নেওয়া হচ্ছিল। সে ভবনে যাওয়া না যাওয়াসহ বিভিন্ন দাবি নিয়ে নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে বারান্দায় অবস্থান নেয়।
এসময় ইউএসটিসি’র ভিসি তার কক্ষেই ছিলেন উল্লেখ করে তিনি বলেন, পরে কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করে এবং পাঁচদিন পর অনুষদ স্থানান্তর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায়।
সংশ্লিষ্টরা জানান, ফয়’স লেক এলাকার ইউএসটিসি’র মূল ক্যাম্পাসে মেডিকেল কোর্সের পাশাপাশি অন্যান্য অনুষদের বিভিন্ন বিষয়ের ক্লাশ-পরীক্ষা হত। পরবর্তীতে মেডিকেল বিভাগকে আলাদ করার জন্যই মূল ক্যম্পাসের পাশেই সংস্থার নিজস্ব জমিতে অন্যান্য বিভাগগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছিল।
ফার্মেসি অনুষদের শিক্ষার্থীদের নতুন ভবনে যাবার ব্যাপারে অনাগ্রহ রয়েছে স্বীকার করলেও বিক্ষোভের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হন নি ইউএসটিসি’র রেজিস্ট্রার বদরুল আমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইউএসটিসিতে সাইয়েন্স, বিজনেস, হিউম্যানেটিস ও ফার্মেসি অনুষদে ১০ বিষয়ে পড়ালেখা হয়। অন্যান্য বিভাগগুলোও নতুন ভবনে নিয়ে যাওয়া হচ্ছে।
