২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি ও আইনকে একাকার করে ফেলছে সরকার: আমীর খসরু

মুদ্রা পাচার মামলায় তারেক রহমানের কারাদণ্ডকে ‘রাজনৈতিক সিদ্ধান্ত’ মন্তব্য করে রাজনীতি ও আইনকে আওয়ামী লীগ সরকার এক করে ফেলছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 07:39 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে অভিযোগ করে বিএনপি ক্ষমতায় এলে এর সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেন দলটির এই নেতা।

বুধবার চট্টগ্রাম নগরীতে বিএনপি নেতা তারেকের কারাদণ্ডের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে আমীর খসরু বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় যে সাজা দেওয়া হয়েছে সেটা আইনের প্রয়োগ নয়, রাজনৈতিক সিদ্ধান্ত।

“শেখ হাসিনা ও তার দল যখন পরাজিত হচ্ছে, তখন রাজনীতি ও আইনকে সরকার একাকার করে ফেলছে।”

মুদ্রা পাচারের একটি মামলায় নিম্ন আদালতের দেওয়া খালাসের রায় বাতিল করে চলতি মাসে হাই কোর্ট বিএনপির জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান তারেককে সাত বছর কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করে।

এ কারাদণ্ডের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে ওই প্রতিবাদ সমাবেশ হয়।

এতে বিচার বিভাগকে সরকার রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করেছে বলে অভিযোগ করেন বিএনপির শাসনামলের সাবেক মন্ত্রী আমীর খসরু।

“দেশের মানুষের শেষ ভরসাস্থল বিচার বিভাগকে সরকার রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করেছে। বিচার বিভাগ যখন রাজনৈতিক প্রতিষ্ঠান, তখন সরকার দেশে আইনের শাসন দাবি করতে পারে না।

“বিএনপি নেতার্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে- বিএনপি ক্ষমতায় আসলে এ মামলার সাথে যারা জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হবে।”

পুলিশ, আইন বিভাগের লোক ও আওয়ামী লীগের আইনজীবীসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার সঙ্গে যারাই জড়িত থাকুক- তাদের সবার বিরুদ্ধে মামলা হবে বলে হুমকি দেন তিনি।

দেশে কোনো আইনের শাসন নেই দাবি করে আমীর খসরু বলেন, “শেখ হাসিনা ও তার দল যে সিদ্ধান্ত দিচ্ছে সেটাই আজকে বাংলাদেশে আইনের শাসন। তারেক রহমানের সে সাজা সেটার জাজম্যান্ট পড়লে যে কেউ সেটা বুঝতে পারবে।

Image
আমীর খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

আমীর খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

“লন্ডনে থাকা তারেককে সরকার ভয় পায়। তারেক রহমান যখন দেশে আসবে তখন সরকার পালানোর পথও খুঁজে পাবে না। তারেক যেদিন দেশে আসবে সেদিন চট্টগ্রাম থেকে লাখ লাখ মানুষ বিমানবন্দরে যাবে।”

বর্তমান সরকার ১০ শতাংশ জনসমর্থনের ‍উপর টিকে আছে বলে ধারণা আমীর খসরুর।

“আগে বলা হত বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ১০ শতাংশ জনসমর্থনের পার্থক্য। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ মাত্র ১০ শতাংশের উপর টিকে আছে। পুলিশ, র‌্যাব ও সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে সরকার টিকে থাকার চেষ্টা করছে।”

এ ১০ শতাংশও চুরি, দুর্নীতি ও দখলদারির সঙ্গে জড়িত দাবি করে বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন, “তাই আজ শেখ হাসিনার পায়ের নিচে মাটি নাই। তাই আবার রাজপথে নামতে হবে। আবারও প্রস্তুত হতে হবে।”

সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমীর খসরু।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

কোতোয়ালি থানার বিএনপির সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে নগর বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর বক্তব্য রাখেন।