হিযবুতও একই কৌশলে, দাবি পুলিশের
আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবির মতো হিযবুত তাহরীরও কর্মীদের এক পর্যায়ের সঙ্গে অন্য পর্যায়ের যোগাযোগ না ঘটিয়েই কাজ করছে বলে দাবি পুলিশের, যে কৌশলটিকে ‘কাট আউট’ পদ্ধতি বলছেন তারা।
চট্টগ্রামের গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনটির চার সদস্যকে জিজ্ঞাসাবাদে এমন তথ্যই পেয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে গত ১০ জুলাই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় নাশকতার পরিকল্পনা নিয়ে জড়ো হওয়ার অভিযোগে আনসারুল্লাহর চার সদস্যকে গ্রেপ্তারের পর তারাও একই পদ্ধতিতে কাজ করছিল বলে পুলিশকে জানিয়েছিল।
রোববার বিকাল থেকে রাত পর্যন্ত নগরীর বাকলিয়া ও পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে চার হিযবুত সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে সোমবার জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফয়সাল বিন আজিজ ওরফে আদর (২৪), সুলতান মোহাম্মদ খান ওরফে বিদ্যুৎ(২৯), আরিফুল ইসলাম (২৪) ও ফখরুল আবেদীন (২৬)।
এদের মধ্যে আদর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের, বিদ্যুৎ বিবিএ চতুর্থ বর্ষের, আরিফুল ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের এবং ফখরুল চট্টগ্রাম কলেজের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
বাকলিয়া থানার ওসি আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হিযবুত তাহরীর সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
“এদের মধ্যে বিদ্যুৎ নেতা। সে আশিক নামে তার উপরের এক নেতার নাম বলেছে। বাকিরা আশিককে চেনে না। বিদ্যুৎও আশিকের উপরের কোনো নেতার নাম বলতে পারেনি।”
“তারা কাট আউট পদ্ধতিতে কাজ করে। একজনের অধীনে যে কয়জন সদস্য থাকে, তারা অন্য গ্রুপের কাউকে চেনে না। যে নেতৃত্ব দেয়, সে শুধু অন্য দুয়েকটি গ্রুপের নেতাকে বা ভিন্ন দুয়েকজনকে চেনে,” বলেন ওসি মনসুর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিযবুতের সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে তথ্য মিলেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “কিছু লিংক পেয়েছি। সব তো আর বলা যাবে না।”
পুলিশ জানায়, রোববার বিকালে সন্দেহজনক গতিবিধির জন্য বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে আদরকে আটক করে পুলিশ।
সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য তার এক ‘বড় ভাই’ তাকে ওই এলাকায় আসতে বলেছিল বলে জানায় আদর।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানার মোমিনবাগ আবাসিক এলাকার জানে আলম ম্যানসনের এক মেস বাড়িতে অভিযান চালিয়ে অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ওই বাসা থেকে হিযবুতের ৫০টি প্রচারপত্র, পাঁচটি সাংগঠনিক বই, ৬০টি সংবাদ বিজ্ঞপ্তি ও সদস্যদের ১০টি জীবনবৃত্তান্ত ফরম উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
