২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ষোলশহর রেল স্টেশন এলাকায় বিস্ফোরণ

চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশন এলাকায় হাতবোমার বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2016, 01:40 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

রোববার সকাল সাড়ে ৬টার দিকে সেখানে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন ষোলশহর রেল স্টেশন মাস্টার মো. শাহাবউদ্দিন।

বিএনপি নেতা তারেক রহমানের সাজার প্রতিবাদে ছাত্রদলের ডাকা ধর্মঘট চলাকালে এ ঘটনা ঘটল।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি হিমাংশু দাশ রানা বলেন, ষোলশহর স্টেশনের রেল লাইনের দক্ষিণ পাশে রাস্তার ওপর দুটি শব্দ শোনা গেছে। তবে সেগুলো হাতবোমার কি না- তা নিশ্চিত হওয়া যায়নি।

অর্থ পাচার মামলায় উচ্চ আদালতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে ছাত্রদল রোববার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর প্রভাব দেখা যায়নি। অন্যদিনের মতো ক্লাশ-পরীক্ষাসহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

এদিকে সকালে ষোলশহরের ওই ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী প্রথম শাটল ট্রেন প্রায় পৌনে এক ঘণ্টা পর চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।

ছাত্রদল কর্মীরা সেখানে হাতবোমা দুটির বিস্ফোরণ ঘটায় কি না- পুলিশ তাও খতিয়ে দেখছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন।  

স্টেশন মাস্টার শাহাবউদ্দিন বলেন, ইঞ্জিন বিকল হওয়ায় প্রথম ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। তবে অন্য ট্রেনগুলো ঠিক সময় ছেড়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর বুধবার শাটল ট্রেনে হামলা হয়। এরপর দুদিন ক্যাম্পাসে শাটল ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার রাতে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবরও শোনা যায়। 

শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম এসে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে বেঠক করে ‘পদবঞ্চিতদের’ তালিকা সংগ্রহ করেন।