আতঙ্ক তৈরি করতে ছড়ানো হচ্ছে হামলার গুজব: আইজিপি
গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলার পর রাজধানীর একটি ব্ড় শপিং মলসহ বিভিন্ন স্থানে হামলার ‘কথিত হুমকির’ প্রেক্ষাপটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, আতঙ্ক তৈরি করতে ইচ্ছাকৃতভাবে হামলার গুজব ছড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে মহানগর পুলিশের (সিএমপি) অফিসার্স মেসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, “জননিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, যাতে জঙ্গিরা নাশকতা করতে না পারে। তার জন্য যত প্রচেষ্টা ও কৌশল প্রয়োগ করা দরকার পুলিশ তা করছে।”
গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জনকে হত্যা করে, যাদের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক।মধ্যপ্রাচীভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের নামে এ হামলার দায় স্বীকারের খবরও দেয় রয়টার্স।
এ হামলার কয়েকদিনের মধ্যে ইন্টারনেটে আইএসের নামে এক ভিডিও পোস্ট করে বাংলাদেশে আরও হামলার হুমকি দেওয়া হয়। এরপর ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের একটি নিরাপত্তা চৌকিতে হামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজনের মৃত্যু হয়।
এই দুই হামলার রেশ কাটতে না কাটতেই রাজধানীর অন্যতম বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে ২০ জুলাই হামলার হুমকি দেওয়া হয়েছে বলে একটি খবরের প্রেক্ষাপটে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
এছাড়া মন্ত্রীদের ওপর হামলার ‘গুজবের’ প্রেক্ষাপটে পুলিশের পক্ষ থেকে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে সতর্ক হয়ে চলাফেরার অনুরোধ জানানো হয় বলে কয়েকজন মন্ত্রী গণমাধ্যমকে জানান।
এরপরও ‘এই মুহূর্তে বড় কিছু হয়ে যাবে’ মনে করেন না মন্তব্য করে আইজিপি শহীদুল হক সাংবাদিকদের বলেন, “তবে নাশকতার ঘটনা যে ঘটবে না, সেটাও সম্পূর্ণ বলতে পারব না। কারণ হোমগ্রোন কিছু মিলিট্যান্ট আছে।”
এদিকে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেইসবুক, ইউটিউব, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমনে অহেতুক ভীতি ও বিভ্রান্তি সৃষ্টিকারী কোনো ধরনের গুজব ছাড়ানো থেকে বিরত থাকতে অনুরাধ জানিয়েছে।
“সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্যভাবে শপিংমল, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিস ভবন, শিক্ষা-প্রতিষ্ঠানসহ অন্যান্য জনসমাগমস্থলে জঙ্গি হামলার খবর নিতান্তই গুজব। জঙ্গিবাদের এ ধরনের গুজব আতঙ্কিত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি পুলিশ সদর দপ্তর অনুরোধ জানাচ্ছে।”
গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনা ইঙ্গিত করে পুলিশ প্রধান বলেন, “এসব ঘটনার সাথে জড়িত মাস্টারমাইন্ডদের অধিকাংশই আমাদের আওতায় আছে।”
সম্প্রতি নিখোঁজদের নিয়ে র্যাবের দেওয়া তালিকা প্রসঙ্গেও কথা বলেন আইজিপি।
তিনি বলেন, “র্যাব যে তালিকা দিয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। কে কোন কারণে নিখোঁজ সেটা বের করার চেষ্টা করছে পুলিশ।”
তবে পুলিশ এখনও কোনো তালিকা তৈরি করেনি বলে জানান শহীদুল হক।
নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে উদ্বোধন হওয়া দশতলা এই অফিসার্স মেসের চারতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিএমপি কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাং শফিকুল ইসলাম, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) দেবদাস ভট্টচার্য্য, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
