মুক্তিযোদ্ধার জমি দখলে হামলার অভিযোগ
জায়গা দখল করতে চট্টগ্রামের এক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপর বারবার হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মুক্তিযোদ্ধা মোফাজ্জেলুর রহমানের মেয়ে ফারজানা কুলসুমা।
বিষয়টি নিয়ে পুলিশ ও রাজনৈতিক নেতারা ‘নির্বিকার’ বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মোফাজ্জেলুর তার পরিবারকে ‘রক্ষা করতে’ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ফারজানা বলেন, ১৯৯৬ সালে আগ্রাবাদ আবিদারপাড়া এলাকায় স্থানীয় একজনের কাছ থেকে কেনা জায়গায় টিনশেড ঘর করে ভাড়া দেওয়া হয়। গত বোববার প্রতিবেশী আবু সিদ্দিক সেসব ঘরের ভাড়াটিয়াদের উচ্ছেদ করে তালা লাগিয়ে দেন।
বিষয়টি পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি বলেও অভিযোগ মুক্তিযোদ্ধা মোফাজ্জেলুর রহমানের পরিবারের।
এ বিষয়ে ডবলমুরিং থানার ওসি বশির আহমদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জায়গার বিরোধ নিয়ে মামলা রয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন।
“আমরা নিরাপত্তার বিষয়টি দেখছি। তাদের কাছ থেকে যখনই অভিযোগ পেয়েছি ব্যবস্তা নেয়া হয়েছে।”
সংবাদ সম্মেলনে ফারজানা বলেন, টিনশেড ঘরগুলোর দখলে নিতে এর আগেও কয়েকবার ‘দলবল’ নিয়ে হামলা করেন আবু সিদ্দিক।
১২ মে তাদের ওপর হামলার পর আবু সিদ্দিক গ্রেপ্তার হন জানিয়ে তিনি বলেন, “গ্রেপ্তারের একদিন পর আবু সিদ্দিক জামিনে বের হয়ে এসে আবারও আমাদের পরিবারের ওপর হামলা করেছে।”
অসুস্থ মা ভারতে চিকিৎসাধীন এবং ছোট ভাই ও স্বামী বিদেশ থাকেন জানিয়ে ফারজানা বলেন, পরিবারের ‘অসহায়ত্বের’ সুযোগে আবু সিদ্দিক সরকার দলীয় নেতাদের ‘নাম ভাঙ্গিয়ে’ এসব ঘটনা ঘটাচ্ছে।
