চট্টগ্রামে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাকে খুনের দায়ে ১১ বছর আগের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলম বুধবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত জসিম উদ্দিন মিরসরাই উপজেলার মগাদিয়া ইউনিয়নের জাফরাবাদ এলাকায় মৃত নূর আহম্মদের ছেলে। ঘটনার দিন থেকেই তিনি পলাতক।
চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডবিধির ৩০২ ধারায় করা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন।
“পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের শাস্তি দেন।”
মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ২৪ নভেম্বর সকাল ১০টায় পারিবারিক কলহের জের ধরে জসিমের সঙ্গে তার মা ওয়াজ খাতুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরের উঠানে মাকে চড়-থাপ্পড় মারেন জসিম। পরে কাঠ দিয়ে ওয়াজ খাতুনের মাথায় আঘাত করেন।
এতে গুরুতর আহত হলে ওয়াজ খাতুনকে শুরুতে মিরসরাই সদরের একটি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় মারা যান ওয়াজ খাতুন। এরপর থেকেই জসিম পলাতক।
এ ঘটনায় ওয়াজ খাতুনের বড় ছেলে জিয়াউল হক বাদী হয়ে জসিমের বিরুদ্ধে মামলা করেন।
এ মামলায় তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ১৭ ফেব্রুয়ারি অভিযোগপত্র জমা দেয়। ২০০৯ সালের ২৯ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করা হয়।
মামলার ১৭ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করে।
