ছিনতাইকারীদের হামলায় পুলিশ কনস্টেবল আহত
চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
বুধবার দুপুরে পাহাড়তলী থানার নয়া বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসি রণজিত বড়ুয়া।
পাহাড়তলী থানার কনস্টেবল মো. ছিদ্দিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি রণজিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছিদ্দিক ও তার শ্বশুর রিকশায় করে হালিশহর যাচ্ছিলেন।
“নয়াবাজার বিশ্বরোড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তিনজন তাদের গতিরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। না পেরে তারা কনস্টেবল ছিদ্দিককে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে।”
তিনি বলেন, ছিদ্দিক শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
