চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রাম নগরী ও সীতাকুণ্ডে দুই সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বুধবার সকালে শহরের পলোগ্রাউন্ড মাঠ এলাকা ও সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- জেসমিন আক্তার (৪০), মো, জুলফিকার (৬৮) এবং আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির সার্জেন্ট নিজামুল ফাহামি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস বাঁশবাড়িয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর উঠে উল্টে গেলে জুলফিকার ও অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
সার্জেন্ট ফাহামি বলেন, “জুলফিকার সাবেক সেনা সদস্য বলে শুনছি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।”
এদিকে সকাল ১১টার দিকে কোতোয়ালি থানাধীন কদমতলীর মোড়ের বাছে পলোগ্রাউন্ড মাঠ এলাকায় একটি বাস দুর্ঘটনায় পড়লে জেসমিন আক্তার নামের ওই নারীর মৃত্যু হয়।
কদমতলী এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. জলিল জানান, নিউ মার্কেটমুখি ৬ নম্বর রুটের বাসটি পলোগ্রাউন্ড মাঠের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, পলোগ্রাউন্ড এলাকা থেকে সকালে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলার জেসমিনের স্বামী মো. ফারুক (৫০) ও বেলাল (৩৩) নামে আরেক যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নায়েক জাহাঙ্গীর জানান।
