২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নপত্রে ‘বঙ্গবন্ধুর সঙ্গে বিএনপি নেতার তুলনা’, ২ শিক্ষক আটক

প্রশ্নপত্রে বাঁশখালীর কয়লা বিদ্যুৎকেন্দ্র বিরোধী নেতা লিয়াকত আলীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করার অভিযোগে দুই শিক্ষককে আটক করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 11:16 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে আটক দুই শিক্ষক হলেন- স্থানীয় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুকুল বড়ুয়া এবং বাঁশখালী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কালীপুর নাসেরা খাতুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরুল ইসলাম।

এদের মধ্যে দুকুল বড়ুয়া প্রশ্নপত্রটি প্রণয়ন করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

গত ১৭ জুলাই হওয়া নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের সৃজনশীল প্রশ্নপত্রের ৪ নম্বর প্রশ্নে লিয়াকত আলীকে জাতির জনকের সাথে তুলনা করা হয় বলে অভিযোগ ওঠে।

ওই ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

ঘটনা তদন্ত করতে কমিটি মঙ্গলবার বাঁশখালীতে যায়। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও তাদের লিখিত বক্তব্য নেওয়ার পর ওই দুই শিক্ষককে আটক করে পুলিশ।

তদন্ত কমিটির দুই সদস্য হলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এডিসি (শিক্ষা) হাবিবুর রহমান এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা।

তদন্ত কমিটির সদস্য হোসনে আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৃজনশীল প্রশ্ন করার বিষয়ে ২০০৯ সালের একটি পরিপত্র আছে। তাতে উল্লেখ আছে উসকানিমূলক কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না।

“কয়লা বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত লিয়াকত আলী একজন বিতর্কিত ব্যক্তি। তাকে কেন বঙ্গবন্ধুর সাথে তুলনা করা হবে?”

হোসনে আরা বলেন, সংশ্লিষ্ট অনেকের বক্তব্য নেওয়া হয়েছে। দুকুল বড়ুয়া ওই প্রশ্নটি করেছেন। এসব পরীক্ষায় উপজেলা শিক্ষক সমিতির কাছ থেকেই প্রশ্ন নেওয়া হয়। তারাই প্রশ্নপত্র মডারেট করেন। তাই সমিতির সভাপতিরও দায় আছে।

এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন মঙ্গলবার রাতের মধ্যেই জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

হোসনে আরা বলেন, যত রাতই হোক প্রতিবেদন তৈরি করে আজই জমা দেওয়া হবে।

বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার পর উপজেলা সদর থেকে দুই শিক্ষককে আটক করা হয়েছে।

“তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর মামলা করা হবে।”

ওই প্রশ্নপত্রের ৪ নম্বর প্রশ্নটি এরকম- কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পকে কেন্দ্র করে গণ্ডামারা গ্রাম আজ লন্ডভন্ড অবস্থা। যেদিকে তাকাই শুধু ধ্বংসযজ্ঞ। চেয়ারম্যান জনাব ‘LL’ এ অবস্থা দেখে খুবই মর্মাহত হন। তিনি এ অবস্থা থেকে তার গ্রামবাসীকে রক্ষা করেন। অল্প সময়ের মধ্যে গ্রামবাসী ঘুরে দাঁড়াতে চেষ্টা করে এবং সফল হয়।

‘সকলে একবাক্যে স্বীকার করে যে, জনাব ‘L’ এর জন্যই এটা সম্ভব হয়েছে।

ক) কবে এবং কে বাংলার গণপরিষদ নামের একটি আদেশ জারি করেন?

খ) মুক্তিযুদ্ধে বাংলাদেশের নারীদের ভূমিকা ব্যাখ্যা কর।

গ) উদ্দীপকে উল্লেখিত নেতা জনাব ‘L’ এর সাথে বাংলাদেশের কোন নেতার মিল রয়েছে? যুদ্ধ বিধস্ত দেশ গঠনে উক্ত নেতার গৃহীত পদক্ষেপগুলো পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।

ঘ) যুদ্ধ বিধস্ত যে কোন দেশের উন্নয়নে এরূপ নেতার প্রয়োজন উক্তিটির আলোকে উক্ত নেতার অবদান মূল্যায়ন কর।’

বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের বড়ঘোনায় ‘১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র’ যৌথভাবে নির্মাণ করছে এস আলম গ্রুপ ও চীনের একটি প্রতিষ্ঠান।

তবে ভূমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়দের একটি অংশ এই বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে আসছেন। তাদের অভিযোগ, এস আলম গ্রুপ পুনর্বাসনের সুযোগ না দিয়ে জোর করে জমি অধিগ্রহণ করছে।

স্থানীয়দের অন্য একটি অংশ ওই বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে অবস্থান নিলে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতাকারীরা গত ৪ এপ্রিল লিয়াকত আলীর নেতৃত্বে ‘বসতভিটা রক্ষা কমিটি’র ব্যানারে প্রতিবাদ সমাবেশের ডাক দিলে অন্য পক্ষও পাল্টা সমাবেশ ডাকে।

উত্তেজনা এড়াতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এরপরও দুই পক্ষ সংঘর্ষে জড়ালে গুলিতে চারজন নিহত হন। তারা সবাই ভিটামাটি রক্ষা কমিটির ডাকে সমাবেশে যোগ দিতে মিছিলে গিয়েছিলেন।

লিয়াকত আলী গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এলাকায় তিনি এখনো ‘লিয়াকত চেয়ারম্যান’ নামেই পরিচিত।