জঙ্গিবাদ সম্পর্কে তথ্য জানাতে সিএমপি কমিশনারের আহ্বান
জঙ্গিবাদ সম্পর্কে যে কোনো তথ্য পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহার।
মঙ্গলবার সকালে সিএমপি সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
সভায় ইকবাল বাহার বলেন, “সামাজিক অঙ্গীকার ও দায়বদ্ধতা থেকে জঙ্গিবাদ প্রতিরোধে নগরবাসীকে আরও সচেতন ও সতর্ক হতে হবে। জঙ্গিবাদ সম্পর্কে যে কোনো তথ্য আমাদের জানান।
“জঙ্গিবাদ মোকাবেলায় আপামর জনসাধারণের সমন্বয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
জঙ্গিবাদ মোকাবেলায় আপামর জনসাধারণের সমন্বয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান সিএমপি কমিশনার।
পাশাপাশি নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় বিট পুলিশিং জোরদার এবং পাড়া ও স্কুল-কলেজে মাদক বিরোধী, ট্রাফিক সচেতনতামূলক ও জঙ্গিবাদ বিরোধী সভার করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
মহানগরীতে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে ব্যবস্থা নিতেও কর্মকর্তাদের নির্দেশ দেন সিএমপি কমিশনার।
সভায় অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন কাজের জন্য নগর পুলিশের ৬১ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ ও সম্মাননা সনদ দেওয়া হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান, উপ-কমিশনার হারুন-উর-রশিদ হাজারী, ফারুক আহমেদ, এস এম মোস্তাইন হোসেন, সঞ্জয় কুমার কুণ্ডু, মো. মারুফ হোসেন, মোখলেছুর রহমান ও হাসান মো. শওকত আলী উপস্থিত ছিলেন।
