অস্ত্র-মাদক চোরাচালান রোধে বিশেষ অভিযান চট্টগ্রাম বন্দরে
মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান রোধে চট্টগ্রাম বন্দরে বিশেষ অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এশিয়ান প্যাসিফিক অঞ্চলের অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিজিবি, চট্টগ্রাম কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সহায়তায় বিশেষ অভিযান ‘আইরিন’ পাচিালিত হয়।
সকাল থেকে বন্দরের সিএফএস শেডে বিজিবি’র ডগ স্কোয়াডের সহায়তায় এ তল্লাশি অভিযান চলে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক এস এম শামীমুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকেই বন্দরের শেডে বিজিবি’র ডগ স্কোয়াডের সহায়তায় বিভিন্ন পণ্য এবং কন্টেইনার পরীক্ষা করা হয়।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তা শামীমুর জানান, ৩৩টি দেশের মতো বাংলাদেশেও ৮ জুলাই থেকে বিশেষ এই নিরাপত্তা অভিযান শুরু হয়েছে।
তার অংশ হিসেবেই চট্টগ্রাম বন্দরে এ তল্লাশি অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, এমনিতেই বন্দরগুলোতে নিরাপত্তা তল্লাশি জোরদার থাকে। তারপরও নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি জোরদার করে এ অভিযান চলছে।
প্রথমদিনের অভিযানে তেমন কিছুই পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবারও চট্টগ্রাম বন্দরের শেড ও ইয়ার্ডে ডগ স্কোয়াড দিয়ে এ তল্লাশি অভিযান চলবে বলে জানান তিনি।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, গত ৮ জুলাই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দরেও এ বিশেষ অভিযান চলছে।
এনফোর্সমেন্ট কমিটি অফ দ্য কাস্টমস কোঅপারেশন কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী দুই সপ্তাব্যাপী ‘অপারেশন আইআরইএনই’ চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের অধীন রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজোঁ অফিস ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (রাইলো এপি) সার্বিকভাবে চলমান অভিযান সমন্বয় করছে।
