২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কারারক্ষীকে মারধরের মামলায় ৫ জনের দণ্ড

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারারক্ষীকে জিম্মি করে মারধরের অভিযোগে ছয় বছর আগের এক মামলায় পাঁচ আসামিকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 07:44 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজান কবির সোমবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- মো. রাজু, মো. জুয়েল, মো. হযরত আলী, সাজ্জাদ হোসাইন ওরফে সুমন ও রানা চক্রবর্ত্তী।

এদের মধ্যে শুধু রানা কারাগারে রয়েছেন। বাকি আসামিরা জামিন নিয়ে পলাতক।

চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার ১১ আসামির মধ্যে পাঁচজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৫৩ ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাজা দেওয়া হয়েছে।

“বাকি ছয় আসামিকে খালাস দিয়েছেন আদালত।”

দণ্ডিত প্রত্যেককে তিন বছর করে কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

মুখ্য মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী নূর-এ-খোদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালের ১৮ এপ্রিল বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতর পদ্মা ভবনে এক কারারক্ষী ও বিদেশি কয়েদিকে মারধরের ঘটনা ঘটে।

মামলার নথি থেকে জানা যায়, ঘটনার দিন পদ্মা ভবনের ১৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন কারারক্ষী আবদুল জলিল মোল্লা। ওয়ার্ডের টয়লেটে কয়েকজন বন্দি গাঁজা খাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আবদুল জলিল মোল্লা সেখানে যান।

এসময় আসামিরা কারারক্ষী জলিল মোল্লাকে আটকে মারধর করে এবং তার কাছ থেকে ওয়ার্ডের চাবি ছিনিয়ে নেয়। এরপর পদ্মা ভবনের আরেক বন্দি মালয়েশিয়ান নাগরিক মাই ডিন হাশিমকে ১৪ নম্বর ওয়ার্ডে এনে জিম্মি করে ভেতর থেকে ওয়ার্ডে তালা লাগিয়ে দেয়।

পরে জেলের দায়িত্বে থাকা কারারক্ষীরা গিয়ে আবদুল জলিল মোল্লা ও মাই ডিন হাশিমকে উদ্ধার করে।

এ ঘটনায় চট্টগ্রাম কারাগারের সেসময়ের জেলার মাহবুবুল আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।