২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে গ্রেপ্তার চার ‘জঙ্গি’ ফের রিমান্ডে

সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 08:00 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজা রোববার দ্বিতীয় দফায় তাদের হেফাজত মঞ্জুর করেন।

চার আনসার উল্লাহ সদস্য হলেন- মুসআব ইবনে উমাইর ওরফে পিকলু দাশ (২৫), মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)।

এর আগে গত ১২ জুলাই এই চারজনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় আদালত। সন্ত্রাস দমন আইনের মামলায় ওই রিমান্ড শেষে রোববার আাদালতে হাজির করে ফের তাদের ১০ দিনের হেফাজতে চায় পুলিশ।

শুনানি শেষে বিচারক প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের পরিদর্শক এইচ এম মশিউর রহমান জানান।

গত ১০ জুলাই সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে আনসার উল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

তাদের কাছ থেকে চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মোবাইল ও একটি করে ল্যাপটপ ও ট্যাব এবং সরকারবিরোধী ও জঙ্গি সমর্থক ‘বেশ কিছু তথ্য’ পাওয়ার কথাও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে মুসআব চট্টগ্রামের পটিয়া, খোরশেদ আনোয়ারা, রাসেল সীতাকুণ্ড উপজেলার এবং শিপন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

পুরনো খবর:

চট্টগ্রামে ৪ ‘আনসারউল্লাহ সদস্য’ রিমান্ডে