২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি দমনে বন কর্মকর্তাদেরও চান চট্টগ্রামের ডিসি

জঙ্গিরা যাতে চট্টগ্রামের বন-জঙ্গল কোনো প্রকার তৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে উপজেলা পর্যায়ের সব সভায় বন বিভাগের কর্মকর্তাদের সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 03:37 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

রোববার জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত মাসিক আইনশৃংখলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ নির্দেশ দিয়ে তিনি বলেন, উপজেলা পর্যায়ের সভাগুলো আগের চেয়ে কার্যকর করতে হবে।

“এসব সভায় বন বিভাগকে সম্পৃক্ত করতে হবে; যাতে বনে-জঙ্গলে কোনো জঙ্গি তৎপরতা চলতে না পারে। কেউ যাতে এসব জায়গাকে নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারে।”

প্রত্যেক থানার ওসির সঙ্গে সমন্বয় করে ভাড়াটিয়াদের তালিকা সংরক্ষণের জন্যও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সভায় চট্টগ্রামের ১৪ উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তৃণমূল পর্যায়ে জঙ্গিবাদ নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ তুলে ধরে জেলা প্রশাসক মেজবাহ বলেন, “আগামী মাসের প্রথম দিকে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে বসব। তাদের নিজ নিজ এলাকায় যাতে তারা জঙ্গিবাদ নিয়ে সতর্ক থাকে।”

সভায় জঙ্গিবাদ নির্মূলে গণমাধ্যমের আরও সক্রিয় ভূমিকাও প্রত্যাশা করেন তিনি।

সভায় পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার সন্তানের অনলাইন কর্মকাণ্ডের বিষয়ে সচেতন হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

“সন্তান অনলাইনে কোন ধরনের কার্যক্রমে যুক্ত সে বিষয়ে আপনাদের সচেতন হতে হবে। ইউটিউবে ওয়াজ শুনে, জাকির নায়েকের বক্তব্য শুনে অনেক জঙ্গিবাদের দিকে পা বাড়াচ্ছে। বাবা-মার নজরদারি থাকলে সন্তানরা সুস্থ পথে থাকবে।”

জঙ্গিবাদের পেছনে কারা আছে পুলিশ তাদের চিহ্নিত করছে বলেও জানান তিনি।

সভায় অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, মহানগর পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দিন চৌধুরী ও জেলা পাবলিক প্রসিকিউটর আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী।