সীতাকুণ্ডে ৪ ‘আনসারুল্লাহ সদস্য’ গ্রেপ্তার
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে চট্টগ্রামের সীতাকুণ্ডে আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
ওই দুটি হামলায় জেএমবির জড়িত থাকার কথা পুলিশ বললেও এর আগে গত দেড় বছরে কয়েকটি ঘটনায় নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহর জড়িত থাকার তথ্য তদন্তে উঠে আসে।
রোববার রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড চার আনসারুল্লাহ সদস্যকে গ্রেপ্তারের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান।
শনিবার বিকালে সীতাকুণ্ড থেকে চার জঙ্গিকে গ্রেপ্তারের খবর শোনা গেলেও পুলিশের পক্ষ থেকে তখন তা অস্বীকার করা হয়েছিল।
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।”
তাদের কাছ থেকে চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মোবাইল ফোন ও একটি করে ল্যাপটপ ও ট্যাব এবং সরকারবিরোধী ও জঙ্গি সমর্থক বেশ কিছু তথ্য পাওয়ার কথা জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা বলেন, “দেশকে অস্থিতিশীল করতে ও জঙ্গি তৎপরতাসহ সীতাকুণ্ড অঞ্চলে বিভিন্ন কলকারখানায় হামলার পরিকল্পনা নিয়েছিল তারা। সেজন্য তারা স্থানীয় কিছু লোকজনের সহায়তা নিয়ে বাড়বকুণ্ডে জড়ো হয়েছিল।”
মুছা চট্টগ্রামের পটিয়া, খোরশেদ আনোয়ারা ও রাসেল সীতাকুণ্ড উপজেলার এবং শিপন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, গ্রেপ্তার চারজনই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তারা সংগঠনটির নেতা মুফতি জসীমউদ্দিন রাহমানীর অনুসারী বলে জিজ্ঞাসবাদে জানিয়েছে।
গ্রেপ্তার চারজনের একজন সংগঠনটির বায়তুল মাল সম্পাদক বলে পুলিশ দাবি করেছে।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা হচ্ছে উল্লেখ করে রেজাউল মাসুদ বলেন, তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজ বলেন, যারা সীতাকুণ্ডে ওই চারজনকে আশ্রয় দিয়েছিল, তাদেরও ধরতে অভিযান চলছে।
