আত্মরক্ষায় কারাতে, আত্মনির্ভরতায় পরামর্শ
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ছবুর রোড। সকাল ১০টার দিকে দল বেঁধে স্কুলে যাচ্ছিল খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় ও আবদুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২ ছাত্রী।
এসময় এক যুবক তাদের উত্যক্ত করে। ছাত্রীরা একযোগে প্রতিরোধ করে, জুতা পেটে করে তাকে থানায় নিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দেয় ওই যুবককে।
২০১৪ সালের ১৫ ডিসেম্বরের ওই ঘটনা এখনও দৃষ্টান্ত হয়ে আছে পটিয়ায়।
শুধু পথচলতি উত্যক্তের বাধা নয়, জীবনে চলার পথে সব বাধা ডিঙিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন পটিয়ার অনেক ছাত্রী। এতে তাদের সহযোগিতা করছে ‘নিরাপদ স্কুল, নিরাপদ সমাজ’ নামের একটি প্রকল্প।
বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এই প্রকল্পটি পরিচালনা করছে গত তিন বছর ধরে।
পটিয়া উপজেলার নয়টি, চট্টগ্রাম নগরীতে সিটি করপোরেশন পরিচালিত পাঁচটি এবং সন্দ্বীপ উপজেলার ছয়টি বিদ্যালয়সহ দেশের অন্যান্য জেলায় মোট ৮০টি বিদ্যালয়ে চলছে এ কার্যক্রম। ইউএন ওমেনের অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
এলাকায় এর সুফলও মিলছে বলে মনে করেন পটিয়ার পৌর মেয়র মো. হারুনুর রশিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থী ও অভিভাবকরা এখন অনেক সচেতন। নারী নিরাপত্তার প্রধান হাতিয়ার ব্যক্তিত্ব। মেয়েরা ব্যক্তিত্ব সম্পন্ন ও আত্মনির্ভরশীল হয়ে উঠছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সহায়তা দিতে আমরা সব সময় তৎপর আছি।”
সম্প্রতি পটিয়ায় গিয়ে জানা যায়, দুই বছর আগে উত্যক্তকারীকে প্রতিরোধের সেই ঘটনায় সাহস জুগিয়েছিল এই প্রকল্পের শিক্ষাই। পটিয়ার স্কুল ছাত্রীরা এখনও কারাতে শিখছে।
খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেড়শ ছাত্রী কারাতে শিখতে আগ্রহী ছিল। তাদের মধ্য থেকে ৪৩ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
“কারাতে প্রশিক্ষণ ছাত্রীদের নিরাপত্তার জন্য মাইলফলক। কোনো বিপদ দেখলে তারা নিজেরাই প্রতিহত করার আত্মবিশ্বাস পেয়েছে। উপজেলার অন্য স্কুলও আমাদের মতো এ কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী।”
শুধু আত্মরক্ষা নয়, এই প্রকল্পের প্রশিক্ষণে নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়ে উঠছে ছাত্রীদের অনেকে। প্রতিবেশীদেরও সচেতন করছে নারী অধিকার বিষয়ে।
পটিয়ার ভেল্লাপাড়া এলাকার সৈয়দ আবদুন নূর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবেশী তিন ছাত্রীকে এসএসসি পাসের পরই বিয়ে দিতে চেয়েছিল তাদের পরিবার। এ বিষয়ে তার মায়ের কাছে পরামর্শের জন্য এসেছিলেন তারা।
“তখন আমি আর মা একসঙ্গে তাদের বোঝাই। ১৮ বছর বয়সের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া আইনত অপরাধ। ওই মেয়েরা এখন লেখাপড়া করছে।”
জান্নাতুলের সহপাঠী মিজানুর রহমান বলেন, “এখন আমাদের এলাকায় ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ের বিয়ে হচ্ছে না।
“এরকম কোনো উদ্যোগ নিলে স্থানীয় শিক্ষার্থী ও শিক্ষকরাই প্রশাসনের কর্মকর্তাদের জানিয়ে দেয়।”
মিজানুর বলেন, এখন এলাকার মানুষের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে। আগে ছেলে-মেয়েরা একসঙ্গে স্কুলে গেলে বা পরস্পর কথা বললে নেতিবাচকভাবে দেখা হতে। এখন পরিস্থিতি বদলে গেছে।
দশম শ্রেণির শিক্ষার্থী উম্মে সায়মা একা বলেন, “আগে জানতাম না শিক্ষাজীবন ও ব্যক্তি জীবনের একটা লক্ষ্য থাকতে হয়। এখন আমরা নিজেরাই নিজেদের লক্ষ্য নির্ধারণ করছি।”
এই বিদ্যালয়ের শিক্ষিকা ফরিদা ইয়াসমিন বলেন, মেয়েদের কেউ পাইলট হতে চায়। কেউ ব্যবসায় শিক্ষায় উচ্চ শিক্ষা নিয়ে ব্যবসায়ী হতে চায়।
“ওরা বলে- সমান সুযোগ পেলে ছেলেরা যা পারে, আমরাও তা পারব।”
সৈয়দ আবদুন নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, “ছাত্র-ছাত্রীরা এখন অনেক সচেতন। নিজেরাই জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারায় তারা লেখাপড়ায়ও ভালো করছে।”
