চট্টগ্রামে রথযাত্রার বর্ণাঢ্য আয়োজন
বন্দর নগরীতে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে।
বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন মন্দিরে ধর্মীয় এ উৎসবের নানা আয়োজন শুরু হয়। বিকালে বিভিন্ন মন্দির থেকে বের হয় রথযাত্রা।
নগরীর প্রবর্তক মোড় থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়।
সেখানে শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
ওই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার ইকবাল বাহার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, শ্রীপাদ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী ও পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী।
পরে শ্রী শ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথ টানা শুরু করেন ভক্তরা।
শোভাযাত্রা নগরীর গোলপাহাড়, মেহেদীবাগ, কাজীর দেউড়ি, জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘির পাড় ও নিউমার্কেট ঘুরে জে এম সেন হলে গিয়ে শেষ হয়।
এছাড়াও রথযাত্রা উপলক্ষে নগরীর ডিসি হিলে আলাদা অনুষ্ঠানের আয়োজন করে বিভাগীয় কেন্দ্রীয় ইসকন।
এখানে সকাল থেকে শ্রীমদভগবত গীতা পাঠ, শ্রী শ্রী রাধামাধব ও জগন্নাথ দেবের দর্শন আরতি, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় যজ্ঞানুষ্ঠান, ভাগবতী আলোচনা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এছাড়া গোলপাহাড় কালী মন্দির, চকবাজার জগন্নাথ কুঠির, গঙ্গাবাড়ি, নন্দীরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দিরসহ নগরীর বিভিন্ন কৃষ্ণ মন্দির থেকে আলাদা শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় ছিল হাতি, ঘোড়া আর ট্রাকের বহর। প্রায় একশ ট্রাকে দেব-দেবীর সাজে সেজেছিল শিশু-কিশোররা। ধর্মীয় গানের সুরে নেচে-গেয়ে শোভাযাত্রায় শামিল হয় সব বয়সী মানুষ।
গাড়ির উপর সাজানো মন্দির ও আসনে ঠাঁই পায় জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি। ছিল রাধা-কৃষ্ণসহ বিভিন্ন দেব-দেবীর মূর্তিও। শোভাযাত্রায় বিভিন্ন ধরনের মুখোশও ছিল।
নগরীর বিভিন্ন এলাকা অতিক্রমের সময় পথচারী ও স্থানীয়রা রাস্তার দুপাশে জড়ো হয়ে শোভাযাত্রা দেখেন।
আগামী ১৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ ধর্মীয় উৎসব শেষ হবে।
