২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 09:29 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

বুধবার ভোরে উপজেলার চাম্বল বাজারে এ ঘটনা ঘটে বলে বাঁশখালী থানার পরিদর্শক কামাল হোসেন জানান।

নিহত মো. সরোয়ার (২৬) পশ্চিম চাম্বল ইউনিয়নের বাসিন্দা গোলাম রহমানের ছেলে।

নিহতের ভাই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যানার খোলার একটি ঘটনায় চাম্বল বাজারের জেনারেটর ব্যবসায়ী আক্তার ভোর সাড়ে পাঁচটার দিকে সরোয়ারকে তার দোকানে ডেকে আনে।

“এ সময় আক্তার তার দুই সহযোগীসহ আমার ভাইকে বেঁধে মারধর করে ও মাটিতে মাথা আঁছড়ে মারে।”

এ ঘটনার পর সরোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।বিকাল পাঁচটার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

পরিদর্শক কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ময়নাতদন্ত করাতে বলা হয়েছে।এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”