‘জামায়াত-বিএনপিকে নিয়ে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়’
জামায়াত ও বিএনপিকে নিয়ে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয় মন্তব্য করে এ জন্য শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
রোববার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারীদের হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “অনেকে বলেন সব দলের ঐক্যমতের কথা। কিন্তু জামায়াত ও বিএনপিকে নিয়ে কখনো জঙ্গিবাদবিরোধী ঐক্য সম্ভব না।”
এসময় জামায়াত-বিএনপিকে নিয়ে জঙ্গিবাদ নির্মূল সম্ভব কি না- উপস্থিত জনতার কাছে মন্ত্রী জানতে চাইলে না না ধ্বনি উঠে।
মোশাররফ বলেন, “জামায়াত জঙ্গি দল। আর বিএনপি জঙ্গিবাদকে সমর্থন করে। জঙ্গিবাদ নির্মূলে বিএনপির উপর আস্থা রাখা যায় না।
“তাই জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে হবে বঙ্গবন্ধুর মত। শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা জঙ্গিবাদ সমূলে উৎপাটন করব।”
জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার অবস্থান দৃঢ় মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার দৃঢ় অবস্থানের কারণে অতি অল্প সময়ে আমরা এ ঘটনার পরিসমাপ্তি ঘটাতে পেরেছি। কিন্তু ততক্ষণে অনেক প্রাণ চলে গেছে।
ভারত, জাপান ও আমেরিকা এ ঘটনায় সরকারের ভূমিকায় সাধুবাদ জানিয়েছে বলে জানান গৃহায়ন মন্ত্রী।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
জঙ্গিবাদ নির্মূলে শেখ হাসিনা বিশ্বনেতাদের সাথে একমত হয়ে কাজ করে যাচ্ছেন জানিয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, এশার নামায ও তারাবী নামায না পড়ে যারা মানুষ জবাইয়ের মত বিভৎস কাজ করে, তারা কখনো মুসলমান হতে পারে না।
নগর আওয়ামী লীগের এ শীর্ষ নেতা বলেন, তারা মাদকাসক্ত ও বিপথগামী। তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
নিজের দল আওয়ামী লীগেও জঙ্গিদের প্রবেশ ঘটছে জানিয়ে তিনি বলেন, “আমাদের মধ্যেও এরা ঢুকে যাচ্ছে। এজন্য আমাদের আরও সতর্ক হতে হবে।”
সমাবেশে অন্যদের মধ্যে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বক্তব্য দেন।
এদিকে জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে রোববার বিকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদশের ওর্য়াকার্স পার্টি চট্টগ্রাম জেলা শাখা।
সমাবেশে নেতারা প্রশাসনের নির্লিপ্ততায় দেশি-বিদেশি ষড়যন্ত্রে জঙ্গিগোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে উল্লেখ করে অচিরেই তাদের নির্মূল করা না গেলে তারা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
ওর্য়াকার্স পার্টি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আবু হানিফের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম, সম্পাদকম-লীর সদস্য শরিফ চৌহান, মোক্তার আহমদ, ছাত্রমৈত্রী চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক সম্পদ রায়, ছাত্রমৈত্রী নেতা প্রকাশ শিকদার বক্তব্য রাখেন।
অপরদিকে একইস্থানে জঙ্গি হামার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয় ‘চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ’র ব্যানারে।
এই কর্মসূচি থেকেও গুলশানে হামলার নিন্দা জানিয়ে জঙ্গিদের সমূলে উৎপাটনের দাবি জানানো হয়।
এই সমাবেশে প্রকোশলি দেলোয়ার মজুমদার, কবি কামরুল হাসান বাদল, উদীচী সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, সুনীল ধর, আবৃত্তিকার রাশেদ হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন।
