২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেট ক্লিনিকে নয়, হাসপাতালে সেবা দিন: চিকিৎসকদের নাসিম

শুধু প্রাইভেট ক্লিনিকে সেবা না দিয়ে সরকারি হাসপাতালে সাধারণ রোগীদেরও সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2016, 10:45 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

শুক্রবার বিকালে নগরীর পাঁচলাইশ এলাকায় একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চট্টগ্রাম জেলা আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

স্বাচিপ নেতাদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখানে যারা স্বাচিপ নেতৃবৃন্দ আছেন, তাদের অনেকেরই প্রাইভেট ক্লিনিক আছে। আপনারা শুধু ক্লিনিকে সেবা দিলে হবে না। হাসপাতালে সেবা দিতে হবে, যাতে জনগণ সেবা পায়।

সভায় গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, “আপনাদের অনেকের প্রাইভেট ক্লিনিক আছে, রোগীদের বলবেন না ওখানে ভর্তি হতে। সরকারি মেডিকেল অধিকাংশ সময় অপরিচ্ছন্ন, এগুলোর প্রতি মনযোগী হওয়া উচিত।

“প্রত্যেকে যাতে সরকারি স্বাস্থ্য সেবার অধীনে চিকিৎসা পায় সেটাই নিশ্চিত করছে সরকার।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এমআরআই, রেডিও থেরাপিসহ কিছু যন্ত্রপাতি সংকট আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে পূর্তমন্ত্রী বলেন, ‍“আশা করি, যন্ত্রপাতি দিতে মন্ত্রী দ্বিধাবোধ করবেন না।”

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস এলাকার ফাঁকা জায়গাতেই চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।

তিনি বলেন, “এক বছর আগে আমি ঘোষণা দিয়েছিলাম চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। আজ সেটার বাস্তবায়ন হচ্ছে। আজকে আমরা জায়গা দেখেছি।

“মেডিকেল কলেজ ক্যাম্পাসের ফাঁকা জায়গাতেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো করা হবে। খুব শীঘ্রই কাজ শুরু হতে যাচ্ছে।”

নাসিম বলেন, চট্টগ্রামের সন্তান গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের তত্ব্বাবধানে কাজ শুরু হবে। এটা নির্মাণ করতে কয়েকশ কোটি টাকা লাগবে। সবাই সহযোগিতা করলে এ বিশ্ববিদ্যালয় আমরা খুব তাড়াতাড়ি নির্মাণ কাজ সম্পন্ন করতে পারব।

“এখান থেকে নতুন ডাক্তার তৈরি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন মেডিকেল কলেজ মেডিকেল কলেজের জায়গায় থাকবে, পাশাপাশি মেডিকেল বিশ্ববিদ্যালয়ও হবে।”

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয় করলে চট্টগ্রামের চিকিৎসা সেবায় বৈপ্লবিক পরিবর্তন হবে।

চট্টগ্রামে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি দীর্ঘদিনের। এর প্রেক্ষিতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার।

শুরুতে চট্টগ্রাম মেডিকেল কলেজকেই (চমেক) মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি তোলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নেতারা।

এর বিরোধিতা করে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মাঠে নামে জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি নামের একটি সংগঠন ও চমেকের কর্মচারীরা।

এরপর সম্পূর্ণ আলাদা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হলেও এর স্থান নির্ধারণ নিয়ে জটিলতা শুরু হয়।

একপক্ষ চমেক হাসপাতাল এলাকায় এবং অন্য পক্ষ ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানাতে থাকে।

সভায় অন্যদের মধ্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংসদ জিয়াউদ্দিন আহমদ বাবলু, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া, স্বাচিপ কেন্দ্রীয় সভাপতি ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব এম এ আজিজসহ অন্যরা বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেন স্বাচিপ চট্টগ্রামের আহ্বায়ক ডা. শেখ শফিউল আজম।