যোগ দিবসে চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের আয়োজনে কর্মশালা
আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবসে চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের আয়োজনে যোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নগরীর জিইসি মোড়ে পেনিনসুলা হোটেলে এ কর্মশালা হয়।
অনুষ্ঠানে যোগ দিবস উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে যোগ কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ যোগ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হারুন। এতে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের দেড়শ’র বেশি মানুষ অংশগ্রহণ করেন।
“বিশ্বে যে অস্থিরতা বিরাজ করছে তা থেকে মুক্তি পেতে হলে যোগ সাধনার বিশেষ ও অভিনব কৌশলের সাহায্য নিতে হবে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে যোগের উপকারিতা ও প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে পড়েছে।”
স্বাগত বক্তব্যে চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার বলেন, “যোগের মাধ্যমে আমরা শরীর ও মনের সমন্বয় সাধন করতে পারি। ভারত বর্ষের মুনি-ঋষিরা পাঁচ হাজার বছর আগে এ পদ্ধতি আবিষ্কার করেন। এটি মানবজাতির অমূল্য সম্পদ।”
এবার দ্বিতীয় বছরের মতো এই দিবস পালন করা হচ্ছে।
চট্টগ্রামের এই আয়োজনে ইউনিসেফের আঞ্চলিক পরিচালক মাধুরী ব্যানার্জী উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রার্থনা বা প্রস্তুতি পর্ব, চালন ক্রীড়া, তারাসন, সুখাসন, যোগাসন, প্রাণায়াম, মুদ্রা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
