২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তেল-খাবারে ভেজাল, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারে ভেজাল দেওয়ার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 10:06 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

বৃহস্পতিবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চালায় র‌্যাব-৭।

অভিযানে র‌্যাব-৭ এর এএসপি মিমতানুর রহমান নেতৃত্ব দেন। এ সময় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও বিএসটিআই’র মাঠ কর্মকর্তা দিপংকর কুমার সঙ্গে ছিলেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমিরুল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাক্তাই নয়া মসজিদ এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পঁচা খাবার পরিবেশন করায় ‘হোসেন ফুড অ্যান্ড কো.’ এর মালিক সুরুজ পালকে আট লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া চাক্তাই এর মহসিন আউলিয়া ওয়েল মিলে তেলে ভেজাল রং মেশানোর অপরাধে মালিক রুবেল ও নয়নকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি একই অপরাধে শফি অয়েল মিলের মালিক মো. করিমকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারা অনুসারে এসব জরিমানা করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা আমিরুল্লা।