২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদটিকেট: চট্টগ্রামে ভিড় কম

ঈদকে সামনে রেখে চট্টগ্রাম রেল স্টেশনে আগাম টিকেট বিক্রির প্রথম দিনে ভোগান্তি ছাড়াই মিলেছে ট্রেনের টিকেট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 02:32 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

বুধবার চট্টগ্রাম রেল স্টেশনে টিকেট বিক্রির উদ্বোধন করেন পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. আবদুল হাই।

এদিন দেওয়া হয় ১ জুলাইয়ের আগাম টিকেট।  

সকাল ৯টা থেকে টিকেট বিক্রি শুরু হয়। তখন কিছুটা ভিড় থাকলেও সাড়ে ১০টার মধ্যে ছয়টি কাউন্টারের মধ্যে অধিকাংশই খালি হয়ে যায়।  

সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের টিকেট সংগ্রহ করতে আসা নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো ঝামেলা ছাড়া আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট হাতে পেয়েছি।”

চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, প্রথম দিন বিক্রির জন্য রাখা ছয় হাজার ৮৩১ টি টিকেটের প্রায় অর্ধেক সাড়ে ১০টার মধ্যে বিক্রি হয়ে গেছে।

তবে প্রথম দিন হওয়ায় বরাবরের মত যাত্রীদের ভিড় তুলনামূলক কম ছিল বলে জানান তিনি।

২ জুলাইয়ের টিকেট দেওয়া হবে ২৩ জুন। ৩ জুলাইয়ের টিকেট মিলবে ২৪ জুন। ৪ জুলাইয়ে টিকেট বিক্রি হবে ২৫ জুন। আর ৫ জুলাইয়ের টিকেট পাওয়া যাবে ২৬ জুন।

ট্রেনের টিকেটের কালোবাজারি রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক নজরদারি আছে বলেও জানান আবুল কালাম।

ঈদ উপলক্ষে রেলওয়েরে বহরে চট্টগ্রাম-চাঁদপুর রুটে আরও দুটি স্পেশাল ট্রেন যুক্ত করা হয়েছে।

ঈদের বাড়তি যাত্রী কথা চিন্তা ঢাকা-চট্টগ্রাম রুটে ‘সোনার বাংলা’ নামের নতুন একটি ট্রেন যুক্ত হয়েছে রেলওয়ের বহরে।

ট্রেনটি ২৬ জুন থেকে প্রতিদিন ৫টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলে সাংবাদিকদের জানিয়েছেন পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. আবদুল হাই।

সোনার বাংলার যাত্রী ধারণ ক্ষমতা ৭৪৬ জন।