২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের দুই খুনে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি

চট্টগ্রাম নগরীতে মারামারিতে দুই যুবকের মৃত্যুর ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন প্রত্যক্ষদর্শী তিন ব্যক্তি, যারা বলছেন এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে দ্বন্দ্বের জের ধরেই ওই মারামারি হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 10:54 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদেরের কাছে এ ঘটনায় মঙ্গলবার জবানবন্দি দেন ঘটনার তিন প্রত্যক্ষদর্শী।

এরা হলেন- নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার এম এ নাজিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দারোয়ান আবুল কালাম, তরকারি ব্যবসায়ী সোহেল ও থাই ফুড নামের একটি বেকারির কর্মচারী বুলবুল।

এম এ নাজিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার রাতের ওই মারামারিতে ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর রহমান ওরফে কাওসার (১৮) ও মো. ইয়াসিন আরাফাত (২০) নামে দুই তরুণ মারা যান।

হামজারবাগের শান্তিনগর এলাকায় করিম ও একই এলাকার থাই ফুড কারখানার কর্মচারী সজীবের পক্ষের লোকজনের মধ্যে ওই মারামারি হয় বলে ঘটনার পর স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছিল পুলিশ।নিহত দুজন করিমের পক্ষের ছিল বলে জানা গেছে।

জবানবন্দি দেওয়া প্রত্যক্ষদর্শীরা বলছেন, এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে দ্বন্দ্বের জেরে সজীবকে মারধর করে করিম ও তার সহযোগীরা। এরপর ক্ষেপে গিয়ে ছুরি নিয়ে এসে করিমের দুই সহযোগীকে ছুরিকাঘাতে খুন করে সজীব।

মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করিম ও সজীবের মধ্যে দ্বন্দ্ব ছিল। মূলত প্রেমঘটিত দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটেছে।

“সজীবের সাথে স্থানীয় বাসিন্দা একটি মেয়ের সম্পর্ক ছিল। সে সম্পর্ক পরে ভেঙে যায়। এরপর মেয়েটি করিমের এলাকায় বসবাস করতে শুরু করে। সেখানে করিমের সাথে মেয়েটির মাঝে মাঝে কথা হতো।”

এ নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত বলে জানান পুলিশ কর্মকতা আবদুর রাজ্জাক।

আদালতে তিন প্রত্যক্ষদর্শীর দেওয়া জবানবন্দির বরাত দিয়ে এসআই আবদুর রাজ্জাক বলেন, সোমবার সন্ধ্যার পর করিম তার সঙ্গীসাথীদের নিয়ে সজীবকে মারধর করে।

“এরপর সজীব বাসায় চলে যায়। এর আধ ঘণ্টা পর সে থাই ফুডের কয়েকজন সহকর্মী ও বাসা থেকে একটি ছুরি নিয়ে নাজিরিয়া স্কুলের মাঠে যায়। সেখানে থাকা করিম ও তার সহযোগীদের ওপর অতর্কিতে হামলা চালায়।”

এসআই আবদুর রাজ্জাক বলেন, সজীব একাই ছুরিকাঘাত করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

“স্কুলের মাঠেই কাওসার মারা যায়। আহত ইয়াসিনকে তার আমিন কলোনির বাসার কাছে একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক অপারগতা প্রকাশ করলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই ইয়াসিন মারা যায়।”

ঘটনার পর সোমবার রাতেই সজীব, মহরম, ফারুক হোসেন ও সাগর নামের চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহত ইয়াসিনের বাবা বাদী হয়ে গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন।

করিমকে গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে এ ঘটনায় মঙ্গলবার পর্যন্ত নতুন করে আর কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন।

পুরনো খবর:

চট্টগ্রামে দুই পক্ষের মারামারিতে নিহত ২