২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানি বাজারজাতকারীর সংরক্ষণাগারে মরা তেলাপোকা-ময়লা

চট্টগ্রামে বোতলজাত পানি বাজারজাতকরণ কোম্পানির সংরক্ষণাগারে মরা তেলাপোকা ও ময়লা পেয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 07:24 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

মঙ্গলবার নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডের হাজারি গলিতে অবস্থিত ‘প্রিয়া ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানটি অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি হাজারি গলির কারখানায় ১৯ লিটারের জারে ‘বিশুদ্ধ পানি’ বোতলজাত করে বাজারে বিক্রি করত। তাদের বিএসটিআই’র লাইসেন্সও নেই।

তিনি বলেন, কারখানার পানি সংরক্ষাণাগারে ওয়াসা, গভীর নলকূপ ও সুয়ারেজের লাইনের একত্রিত সংযোগ ছিল। সেখানে ময়লা এবং মরা তেলাপোকার সন্ধানও মেলে।

নিয়ম অনুযায়ী, পানি বাজারজাত করা বড় বোতলগুলো (জার) ওয়াশিং মেশিনের মাধ্যমে পরিষ্কারের কথা থাকলেও ওয়াশিং পাউডার দিয়ে তা হাতে পরিষ্কারের প্রমাণ মিলেছে।

ম্যাজিস্ট্রেট তাহমিলুর বলেন, পানির জারগুলোতে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সম্বলিত কোনো ট্যাগ বা সিল ছিল না।

এ অপরাধে প্রতিষ্ঠান মালিক পাপড়ি রাণী ধরকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের দণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আাদলত।

জেলা প্রশাসনের মতে, চট্টগ্রামে ২৯টি সম্পূর্ণ অবৈধ ও লাইসেন্সবিহীন ড্রিংকিং ওয়াটার কোম্পানি রয়েছে। এছাড়া লাইসেন্স প্রাপ্ত অনেক কোম্পানির বিরুদ্ধে সরাসরি ওয়াসার পানি ব্যবহার করে বোতলজাত করার অভিযোগ রয়েছে।

এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি করায় নগরীর চকবাজার এলাকার সাদিয়াস কিচেন ও সাইমুম রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

ফ্রিজে পচা ও বাসী খাবার পাওয়ায় সাদিয়াস কিচেনকে পাঁচ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করায় সাইমুম রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়।