ইনফোলিডার গড়ায় প্রশিক্ষকদের কর্মশালা শেষ চট্টগ্রামে
তৃণমূল পর্যায়ে ১০ হাজার ‘ইনফোলিডার’ গড়ে তোলার অংশ হিসেবে চট্টগ্রামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তিন দিনব্যাপী ‘প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা’ শেষ হয়েছে।
সোমবার চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন আয়োজকরা।
সনদপত্র প্রদান অনুষ্ঠানে অ্যাসোসিয়েটেড প্রেসের সাবেক ব্যুরো প্রধান ফরিদ উদ্দিন বলেন, গ্রাম বাংলার সাফল্যগাঁথা ফিচারের মাধ্যমে তুলে ধরে ইউডিসি (ইউনিয়ন ডিজিটাল সেন্টার) উদ্যোক্তারা ইনফোলিডার হয়ে উঠতে পারে।
“কর্মশালায় অংশগ্রহণকারীরা ইউডিসি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে। এর মাধ্যমে ইউডিসি উদ্যোক্তারা গ্রাম বাংলার সাফল্যগাঁথা, ঐতিহ্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরতে পারবে।”
এভাবে তৃণমূলের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি তা মানুষকে ক্ষমতায়িত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জ্যেষ্ঠ এই সাংবাদিক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার ১২৮ জনকে প্রশিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে মাস্টার ট্রেইনার হিসেবে গড়ে তোলা হচ্ছে।
এসব মাস্টার ট্রেইনাররা ১০ হাজার ইউডিসি’র উদ্যোক্তাদের ফিচার ও প্রতিবেদন লিখন সম্পর্কে প্রশিক্ষণ দেবেন।
কর্মশালায় চট্টগ্রাম ও সিলেট থেকে ৩২ জন অংশ নেয় বলে অনুষ্ঠানে জানানো হয়।
