২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি হচ্ছে ১০ হাজার ‘ইনফো লিডার’

সারা দেশের ১০ হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষত করার মাধ্যমে ‘ইনফো লিডার’ হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 01:06 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

শনিবার চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজে প্রশিক্ষক-প্রশিক্ষণ (মাস্টার ট্রেইনার) কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃণমূলের তথ্যজানালা কর্মসূচি ও তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) যৌথভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য তিন দিনব্যাপী এই প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্যাম সুন্দর বলেন, বিশ্বে আত্মনির্ভরশীল হওয়ার গতি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

“ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কার্যক্রম এই আত্মনির্ভরশীল মানুষ তৈরির বিরাট সম্ভাবনা তৈরি করেছে। সরকার আউটসোর্সিং ও ই-কর্মাস গ্রামে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে।”

ইউডিসির ১০ হাজার উদ্যেক্তাকে তথ্য, সংবাদ, ফিচার ও প্রতিবেদন লেখার প্রশিক্ষণ দিয়ে ‘ইনফো লিডার’ হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রামে আত্মনির্ভরশীল মানুষ তৈরির জন্য আউটসোর্সিং এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বাজার নিশ্চিত করতে তাদের ই-কর্মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে চানান তথ্য সচিব।

লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গর্ভনেন্স (এলআইসিটি) প্রকল্পের কমিউনিকেশন স্পেশালিস্ট অজিত কুমার সরকার বলেন, বাংলাদেশে ডিজিটাইজেশনের শুরু তৃণমূল থেকে।

“গ্রামে বসবাসকারী দেশের ৭০ শতাংশ মানুষের কাছে তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দিতে সাড়ে চার হাজারের বেশি ইউডিসি প্রতিষ্ঠা করা হয়েছে। এসব ইউডিসির প্রায় ১০ হাজার উদ্যেক্তা গ্রামের ৪৫ লাখ মানুষকে তথ্য সেবা দিচ্ছে।”

ইউডিসি উদ্যোক্তারা প্রতিবেদন ও ফিচার লেখায় দক্ষ হলে তারা গ্রামে তথ্য-শিক্ষিত মানুষ তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করেন অজিত কুমার।

অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সমন্বয়ক মাজেদুল ইসলাম তার বক্তৃতায় বলেন, আউটসোর্সিং ও ই-কর্মাস পরিচালনার মাধ্যমে প্রতিটি ইউডিসি হয়ে উঠবে মিনি বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সেন্টার।

চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রূপেশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএসবির নির্বাহী সম্পাদক ড. অলিউর রহমান ও বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) প্রধান বার্তা সম্পাদক মাহফুজুর রহমান।

কর্মশালায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩২ জন প্রশিক্ষক অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচির আওতায় ৬৪ জেলায় দুইজন করে ১২৮ জনকে প্রশিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এসব প্রশিক্ষক পরবর্তীতে ইউডিসির ১০ হাজার উদ্যোক্তাকে প্রতিবেদন, ফিচার, আউটসোর্সিং ও ই-কর্মাস বিষয়ে প্রশিক্ষণ দেবেন।