২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র আইনে দুইজনের ১৯ বছর সাজা

চট্টগ্রামের রাউজানে অস্ত্র আইনের মামলায় দুইজনকে ১৯ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 05:11 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

সোমবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পূর্ব রাউজানের আবদুস সাত্তারের ছেলে মোহাম্মদ আলমগীর ওরফে আলম এবং উত্তর কদলপুরের আনোয়ার মিয়ার ছেলে মোহাম্মদ শফি ওরফে এয়ার খান।

এদের মধ্যে আলমগীর আটক থাকলেও শফি পলাতক বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রুবেল পাল জানান।

তিনি বলেন, ২০০০ সালের ২৮ জুন শফির বাসা থেকে একটি এলজি ও দশটি কার্তুজ উদ্ধারে ঘটনায় পৃথক দুই ধারায় এ সাজা দেওয়া হয়েছে।

“অস্ত্র আইনের ১৯ এর ‘ক’ ধারায় প্রত্যেককে ১২ বছর এবং ‘চ’ ধারায় সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। তবে উভয় সাজা একত্রে চলবে,”

মামলার এজাহার থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানা পুলিশ ২০০০ সালের ২৮ জুন আলমগীরকে গ্রেপ্তার করে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে শফির বাড়ির আলমারি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানার তৎকালীন এসআই মোহাম্মদ শাজাহান একটি মামলা করেন।

একই বছরের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।