জাল ভিসায় তুরস্ক পাঠানোর চেষ্টায় জেল-জরিমানা
জাল ভিসা ব্যবহার করে মানব পাচারের চেষ্টার অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হওয়ার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানার আদেশও দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আরশাফুল রহমত (২৫), মো. মনির ফরাজি (৩৫), হারুন শিকদার (৩৮) ও আব্দুল হালিম (৪১)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ম্যাজিস্ট্রেট তাহমিলুর বলেন, ২০১৩ সালের ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন’ অনুযায়ী মানব পাচারের চেষ্টার অভিযোগে আশরাফুলকে এক বছর, মনিরকে ছয় মাস এবং হারুন ও হালিমকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তাহমিলুর বলেন, নুরুজ্জামান ও মুরাদ নামে ঢাকার মিরপুরের দুইজনকে তুরস্ক নেওয়ার কথা বলে রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসেন তারা। কিন্তু তাদের ওয়ার্ক পারমিট ও ভিসা ছিল ভুয়া।
“সন্ধ্যায় বিমানবন্দরে তারা আরও এক হাজার ডলার করে দাবি করায় তাদের সঙ্গে নুরুজ্জামান ও মুরাদের তর্ক শুরু হয়।”
এতে দায়িত্বরত আনসার সদস্যদের সন্দেহ হলে তারা তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করেন বলে জানান তিনি।
