চট্টগ্রামে গ্রেপ্তার হিযবুত তাহরির সদস্য রিমান্ডে
জঙ্গি সন্দেহে চট্টগ্রামে আটক হিযবুত তাহরির সদস্য মহিবুল আলমকে সন্ত্রাস দমন আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
শুক্রবার তাকে চট্টগ্রামের আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিন দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের পরিদর্শক মশিউর রহমান জানান।
বৃহস্পতিবার রাতে নগরীর শেরশাহ এলাকা থেকে মহিবুলকে (৩০) গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ।
চট্টগ্রামের বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় আইন বিভাগ শেষ বর্ষের শিক্ষার্থী মহিবুল ২০১৩ সালেও একবার গ্রেপ্তার হয়েছিলেন।
রাউজানে গ্রেপ্তার হিযবুত তাহরীরের সদস্য মহিবুল আলমকে শুক্রবার দুই দিনের রিমান্ড দেয় চট্টগ্রামের আদালত।
এদিকে বুধবার গভীর রাতে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার বাংলা ভাইয়ের সাবেক দুই সহযোগীকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাসহ তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এরা হলেন- জেএমবি সদস্য জুলফিকার আলী (৪০) ও মো. আলাউদ্দিন (৩১)।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান, রোববার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।
তিনি বলেন, ২০০৪ সালে পালিয়ে এসে বাংলা ভাই উপজেলার কুমিরা এলাকায় অবস্থান নিয়েছিলেন। ওই সময় জুলফিকার, আলাউদ্দিন ও অন্য একজন তার সহযোগী হিসেবে কাজ করেছিল।
২০০৫ সালে তাদেরকে গ্রেপ্তার করা হলেও পরে আলাউদ্দিন ও জুলফিকার ছাড়া পায় বলে জানান তিনি।
গত ১০ জুন থেকে শুরু হওয়া পুলিশের জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানে চট্টগ্রাম জেলা ও নগরীতে গ্রেপ্তার হয়েছে এক হাজারেরও বেশি।
